
প্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটির নির্ধারিত উড্ডয়নের আগে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ দল গতকাল সোমবার বিমানবন্দরটির হ্যাঙ্গার থেকে স্টেলথ বিমানটিকে বের করে আনেন। এর আগে তারা দুই সপ্তাহের বেশি সময় ধরে বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করেন।
লকহিড মার্টিন নির্মিত পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমানটি গত ১৪ জুন রাতে জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এর পর থেকেই বিমানটি তিরুবনন্তপুরমে আটকে ছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রক্ষণাবেক্ষণের কাজের বিস্তারিত কিছু না জানালেও, জানা গেছে—বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। আর এ কারণে বিশেষজ্ঞ দলের সহায়তা প্রয়োজন ছিল।
প্রাথমিকভাবে, বিমানটি জরুরি অবতরণের পরপরই ক্রুরা ত্রুটি মেরামতের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে গত ৬ জুলাই ব্রিটিশ বিশেষজ্ঞ দল তিরুবনন্তপুরমে পৌঁছানোর পর বিমানটিকে বিমানবন্দরের হ্যাঙ্গার ফ্যাসিলিটিতে টেনে নিয়ে যাওয়া হয়। বিমানটি ভারত মহাসাগরে মোতায়েন ব্রিটিশ বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলসের বহরের অংশ ছিল।
এদিকে, তিরুবনন্তপুরম বিমানবন্দর সূত্রে খবর, যুদ্ধবিমানটি আটকে থাকায় ব্রিটিশ কর্তৃপক্ষকে তিরুবনন্তপুরম বিমানবন্দরকে প্রায় ৫ লাখ রুপি পার্কিং ফি দিতে হবে। বিমানের আকার ও ওজন এবং এখানে থাকার দিন সংখ্যা ও ক্রুদের ব্যবহারের সুবিধার ওপর ভিত্তি করে এই অর্থ নির্ধারণ করা হয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে