
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সুস্থ রাখতে শুধু ব্যায়াম করাই যথেষ্ট নয়, বরং বেশি সময় বসে থাকাও হতে পারে মস্তিষ্ক সংকোচনের অন্যতম কারণ। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমনই সতর্কবার্তা।
যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, দিনে কতক্ষণ বসে বা শুয়ে কাটানো হচ্ছে—তাকে বলে ‘সেডেন্টারি বিহেভিয়র’—তা মানুষের মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, এমনকি প্রতিদিন ব্যায়াম করলেও সেই ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়।
গবেষণায় অংশ নিয়েছিলেন ৫০ বছরের বেশি বয়সী ৪০৪ জন স্বেচ্ছাসেবক। তাঁদের এক সপ্তাহ ধরে বিশেষ ডিভাইসের মাধ্যমে দৈনন্দিন শারীরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। এরপর সাত বছর ধরে তাঁদের মস্তিষ্কের গঠন ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার নানা দিক বিশ্লেষণ করেন গবেষকেরা।
দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮৭ শতাংশই সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করছিলেন, যা সাধারণত স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত। তবে যাঁরা দীর্ঘ সময় বসে থাকেন, তাঁদের মস্তিষ্কে দ্রুত বার্ধক্যজনিত ক্ষয় লক্ষ করা যায়।
বিশেষ করে মস্তিষ্কের ‘হিপোক্যাম্পাস’ অংশটি দ্রুত সংকোচন দেখা যায়। এই অংশ স্মৃতিশক্তি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আলঝেইমার বা স্মৃতিভ্রংশ রোগের প্রথম ধাপেই আক্রান্ত হয়। তবে গবেষকেরা স্পষ্ট করে বলেছেন, এই ফলাফল বসে থাকা এবং স্মৃতিশক্তি হ্রাসের মধ্যে সরাসরি সম্পর্ক প্রমাণ করে না, বরং একটি নির্দিষ্ট প্রবণতা বা সম্ভাব্য সংযোগের ইঙ্গিত দেয়।
পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট মারিসা গগনিয়াত বলেন, ‘আলঝেইমার প্রতিরোধে শুধু প্রতিদিন ব্যায়াম করলেই চলবে না, বসে থাকার সময়ও কমাতে হবে।’
গবেষণায় দেখা যায়, যাঁরা জিনগতভাবে আলঝেইমারের ঝুঁকিতে আছেন, তাঁদের ক্ষেত্রে বসে থাকার প্রভাব আরও প্রবলভাবে প্রতিফলিত হয়।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নিউরোলজিস্ট অ্যাঞ্জেলা জেফারসন বলেন, ‘বয়স্কদের মধ্যে, বিশেষ করে যাঁরা আলঝেইমারের জিনগত ঝুঁকিতে আছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। দিনে একাধিকবার উঠে চলাফেরা করা এবং সক্রিয় সময় বাড়ানো মস্তিষ্কের জন্য উপকারী।’
তবে গবেষকেরা এটিও মনে করিয়ে দেন, ব্যায়ামের গুরুত্ব কম নয়। দৈহিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম অপরিহার্য। তবে সেই সঙ্গে বসে থাকার সময় কমানোও সমানভাবে গুরুত্বপূর্ণ।
এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—অতিরিক্ত সময় বসে থাকার সঙ্গে মস্তিষ্কে নির্দিষ্ট ধরনের ক্ষতির সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। এটি নতুন কোনো ধারণা নয়, এর আগেও বসে থাকার অভ্যাস বা ‘সেডেন্টারি বিহেভিয়র’-এর সঙ্গে ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো রোগের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। তবে এই গবেষণা সেই ধারণাকে আরও শক্তিশালী করল। এটি গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপক তথ্যভিত্তিক সংযোজন, যা ভবিষ্যতের চিকিৎসা ও সচেতনতা তৈরির কাজে সহায়ক হতে পারে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘আলঝেইমারস অ্যান্ড ডিমেনশিয়া’ সাময়িকীতে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে