
গাইবান্ধায় যুবদল নেতার হাতে ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন এবং এর জেরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই যুবদল নেতার পরিবারকে এলাকা ছাড়া করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
আলোচিত দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট আছে এখানে, এখান , এখানে , এখানে এবং এখানে।
‘Pintu Yousuf’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১০ জুন আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়, যা সম্ভাব্য সবচেয়ে বেশি বার ছড়িয়েছে। ভিডিওটি আজ (১৭ জুন) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৩ লাখ ৮৭ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ৮ হাজার ৬০০ রিয়্যাকশন, ৫৩১ কমেন্ট ও ২ হাজার ৯০০ বার শেয়ার করা হয়েছে।
শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন। একজন ব্যবহারকারী কমেন্ট করেন, ‘বিএনপি-জামায়াত জোট একাত্তরের মতো কর্মকাণ্ড শুরু করছে।’ আরেকজন বলেন, ‘এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ আবার কেউ কেউ একে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার রাজনৈতিক সংঘর্ষ হিসেবে দেখছেন।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে শুরুতেই ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে ভিডিওটির ওপর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এর লোগো দেখতে পাওয়া যায়।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধান করে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গত ৮ জুন প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে ‘গাইবান্ধায় কলেজছাত্রের মরদেহ ফিরতেই উত্তেজনা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিওর কোথাও ঘটনার সাথে ছাত্রলীগ কিংবা যুবদলের মতো কোনো রাজনৈতিক দল বা পরিচয়ের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’-এর গত ৮ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পেয়ারাপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৮) ছুরিকাঘাতে নিহত হন।
প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় জনতার একটি অংশ অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও দুটি মোটরসাইকেল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডের ঘটনাটি সম্পূর্ণ জমি নিয়ে পারিবারিক ও স্থানীয় বিরোধের জেরে ঘটেছে।

জাতীয় পর্যায়ের আরও কিছু (১ , ২ ,৩ ) গণমাধ্যমেও একই তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের কোথাও নিহত শিক্ষার্থী বা অভিযুক্ত হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় কিংবা বিএনপি-আওয়ামী লীগের মধ্যকার কোনো রাজনৈতিক বিরোধেরও উল্লেখ পাওয়া যায়নি।
গাইবান্ধা সদরের পেয়ারাপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক কলেজছাত্র নিহত হওয়া এবং অভিযুক্তের বাড়িতে স্থানীয়দের হামলার পুরোনো ভিডিওকে রাজনৈতিক রঙ চড়িয়ে ‘ছাত্রলীগ কর্মীকে যুবদল নেতা হত্যা করেছে’ বলে ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।

সরকারের খরচে বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় ‘জুলাই জঙ্গি আন্দোলনের নেতা’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মদসহ গ্রেপ্তার হয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, ‘বিএনপির কাঁধে ভর করে দেশে জঙ্গি প্রশিক্ষণ চলছে’।
১ দিন আগে
সম্প্রতি স্টেডিয়ামে বসে কিছু শিশুর কোরআন তেলাওয়াত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের দৃশ্য।
১ দিন আগে
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের বেধড়ক পেটানো ও নির্যাতনের খবর প্রকাশের পর, পায়ে শিকল পেঁচানো ১০ বছর বয়সী এক কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে টহল পুলিশ উদ্ধার করেছে—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে