রংপুরের পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী ঘাঘট নদের ত্রিমোহিনী ঘাটে এখনো নির্মাণ করা হয়নি কোনো সেতু। আশপাশের ১৫ গ্রামের বাসিন্দাদের নদী পার হওয়ার একমাত্র ভরসা খেয়ানৌকা। প্রতিদিন ২ হাজারের বেশি মানুষ বিভিন্ন যানবাহন নিয়ে নৌকায় করে এ ঘাটে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন।
পীরগাছার ত্রিমোহিনী এবং মিঠাপুকুরের বেনিপুরের মাঝখানে ঘাটটির অবস্থান। সেখান থেকে মিঠাপুকুর উপজেলা শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার, আর ৫ কিলোমিটারের মধ্যে রয়েছে পীরগাছা উপজেলা শহর। ফলে আশপাশের গ্রামের মানুষকে যাতায়াতের জন্য ঘাট পার হয়ে পীরগাছাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়।
নদের মিঠাপুকুর অংশে বেনিপুর পর্যন্ত সড়ক পাকা থাকলেও পীরগাছায় বকসীর দীঘি থেকে ত্রিমোহিনী ঘাট পর্যন্ত পাকাকরণের কাজ চলমান রয়েছে। এই সড়কে চলাচল করা মানুষ ঘাটে দুটি নৌকা জোড়া দিয়ে তাতে রিকশা, সাইকেল, মোটরসাইকেলসহ নানা যানবাহন পারাপার করেন।
বেনিপুরের কলেজছাত্রী হাবিবা আক্তার হ্যাপি প্রতিদিন ঘাট পার হয়ে পীরগাছা সরকারি কলেজে পড়তে যায়। সে বলে, ‘সরকার আসে, সরকার যায়। তবুও আমাদের এ ঘাটে ব্রিজ হচ্ছে না। আমরা চরম ভোগান্তিতে আছি।’ স্থানীয় দেবী চৌধুরাণী অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. শাহেদ ফারুক বলেন, রাতে রোগী বা জরুরি প্রয়োজনে পারাপার হওয়া খুবই কষ্টসাধ্য। ঘাটে লোক থাকে না। নৌকা অপর প্রান্তে থাকলে আরও সমস্যা বেশি। ডাকাতি-ছিনতাইয়ের ভয় বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, নদের দুই পাশে ভালো সড়ক থাকলেও সেতুর অভাবে দ্রুত যাতায়াত করা যাচ্ছে না। এ ছাড়া প্রতিবছর নদের ভাঙনে ঘাট এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হচ্ছে।
স্কুলশিক্ষক খোরশেদ আলম বলেন, অনেক সময় এসে দেখি নৌকা অপর প্রান্তে আছে। ফলে দীর্ঘক্ষণ রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিবছর এ ঘাট থেকে সরকার ৩ লাখ টাকার বেশি রাজস্ব আয় করলেও ব্রিজ হচ্ছে না। ঘাটের ইজারাদার আনারুল ইসলাম জানান, খেয়ানৌকায় পারাপারের জন্য মোটরসাইকেল ২০, বাইসাইকেল ১০, ভ্যান-রিকশা ২০ ও মানুষের জন্য ৫ টাকা করে নেওয়া হয়।
এ নিয়ে কথা হলে কৈকুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম মিয়া বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ চলাচল করে না, এমন স্থানে ব্রিজ থাকলেও জনগুরুত্বপূর্ণ এ ঘাটে আজও ব্রিজ না হওয়াটা দুঃখজনক। মানুষের কষ্ট লাঘবে অতিদ্রুত ত্রিমোহিনী ঘাটে ব্রিজ নির্মাণ জরুরি বলে আমি মনে করি।’
যোগাযোগ করা হলে পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘাঘট নদের ত্রিমোহিনী ঘাটে ব্রিজ নির্মাণের জন্য মিঠাপুকুর আসনের সংসদ সদস্যের ডিও লেটার সংযুক্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে মিঠাপুকুর উপজেলা থেকে ব্রিজ নির্মাণ করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫