
রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা জিতে নিলেন লাক্স সুপারস্টার ২০২৫-এর খেতাব। গত শুক্রবার রাতে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন বর্ণিতা। আনন্দাশ্রু সামলাতে পারেননি। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার অভিজ্ঞতার গল্প শোনালেন বর্ণিতা। কথা বলেছেন শিহাব আহমেদ।
লাক্স সুপারস্টার ২০২৫ হিসেবে যখন আপনার নাম ঘোষিত হলো, সেই মুহূর্তটা কেমন ছিল?
তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অবিশ্বাস্য অনুভূতি। সারা দিন একটা টেনশন ও পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়ার পরে মুহূর্তটির আগে ব্ল্যাংক ফিল হচ্ছিল। বুঝতে পারছিলাম না কী হবে। এক সপ্তাহ ধরে ঘুম হচ্ছিল না। আমার পা এত কাঁপছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। নিজের নামটা শোনার পর অন্য রকম লাগছিল। যখন শুরু করেছিলাম, তখন ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায় আর নিজের পরিশ্রমে এখানে আসা।
আপনার এই অর্জনে পরিবারের প্রতিক্রিয়া কেমন?
সবাই ভীষণ খুশি। বাসায় যাওয়ার পর দেখি, আমার ফোনে মেসেজ ভর্তি হয়ে গেছে। সবাই শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছিল। সারা রাত ঘুমাইনি। সকালেও মেসেজের উত্তর দিচ্ছিলাম, কথা বলছিলাম। সকাল হতেই খালামণি মিষ্টি নিয়ে বাসায় চলে এল। সবাই মিলে ছবি তুললাম, অনেক আনন্দ করলাম।
২০২৫ সালের মে মাসে শুরু হয়েছিল এবারের লাক্স সুপারস্টার আসরের কার্যক্রম। কেমন ছিল জার্নি?
আমাদের পুরো জার্নিটা অনেক লম্বা ছিল। এর আগে লাক্স সুপারস্টারের কোনো আসর এত লম্বা সময় হয়নি। অনেক স্মৃতি আছে একসঙ্গে। শুরুতে ১২ জন ছিলাম, এরপর ৮ জন। শেষে ৫ জন। আমরা এই ৫ জন অনেক দিন একসঙ্গে থেকেছি। অনেক চড়াই-উতরাই ছিল। সব মিলিয়ে অনেক মানুষের কাছ থেকে নানা কিছু শিখেছি, জেনেছি, একসঙ্গে অনেক চ্যালেঞ্জ পার করেছি। কঠিন সময়ের পাশাপাশি অনেক সুন্দর সময় ক্রিয়েট করেছি একসঙ্গে। ভালো-মন্দ, সুন্দর—সবকিছু মেলানো এক অভিজ্ঞতা। এই সময়টা সারা জীবন মনে থাকবে।
এবার মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী। আরও অনেকে আপনাদের গ্রুমিং করিয়েছেন। কেমন ছিল তাঁদের সান্নিধ্য?
আমরা অনেক ভাগ্যবান। এত এত গুণী মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। তাঁদের কাছ থেকে শেখার সুযোগ হয়েছে। মেন্টর এবং যাঁরা আমাদের শেখাতে এসেছেন—চঞ্চল চৌধুরী স্যার, তৌকীর আহমেদ স্যারসহ অনেকে। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এ এক বড় প্রাপ্তি। বাংলাদেশের আর কোথাও কেউ এমনটা পেয়েছে কি না জানা নেই। আমরা সবাই কৃতজ্ঞ।
লাক্স সুপারস্টার হওয়ার সুবাদে রায়হান রাফীর সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন। কেমন লাগছে?
রাফী স্যার আমাদের মেন্টর ছিলেন। মেন্টর হিসেবে তাঁর সান্নিধ্যে আসতে পেরে ভালো লেগেছে। এখন তাঁর সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছি। তিনি ইতিমধ্যে পরিচালক হিসেবে দর্শক হৃদয় জয় করেছেন। তাঁর সঙ্গে কাজ করব, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। শুধু খুশি নয়, সঙ্গে একটা দায়ভার কাজ করছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। সেভাবেই নিজেকে প্রস্তুত করব।
এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করার সময়ের কথা মনে আছে?
যখন রেজিস্ট্রেশন করি, তখন খুব অসুস্থ ছিলাম। হাসপাতালের বিছানায় শুয়ে লাক্স সুপারস্টারের বিজ্ঞাপনটা দেখি। একা লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। ভেবেছিলাম এই কঠিন মুহূর্তে যদি ভালো কিছু হয়, তখন সবাইকে জানাব। সিলেক্ট হওয়ার পর পরিবারের সদস্যদের জানাই। তখন থেকে সবাই আমাকে সাপোর্ট করেছে।
এই প্রতিযোগিতার অনেক প্রতিযোগীই আজ তারকাশিল্পী। নিজেকে প্রমাণ করার কোনো চাপ অনুভব করছেন?
চাপ বলব না। মনে হয় এটা অনেক বড় দায়িত্ব। শুধু আমি নই, আমরা যারা পুরো জার্নিটা একসঙ্গে পার করেছি, তাদের সবার ক্ষেত্রে তাই। মনে হচ্ছে, আমাকে আরও ভালো করতে হবে। এত দিন যে কষ্ট করেছি, যে পরিশ্রম করেছি, এখন তার চেয়ে দ্বিগুণ কিংবা তিন গুণ করতে হবে। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেটার প্রতিদান আমাকে দিতে হবে।
এখন স্বপ্ন কী?
আমার স্বপ্ন সফল অভিনেত্রী হওয়া। অভিনয়ের প্রতি আমার ভালোবাসা গভীর। ভালো কাজ করতে চাই। লাক্স সুপারস্টার হয়েছি মানুষের ভালোবাসায়। কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা যেন টিকিয়ে রাখতে পারি, এমন কাজ উপহার দিতে চাই। লাক্স সুপারস্টারের অভিজ্ঞতা ব্যবহার করে এমন মানুষ হতে চাই, যেন নিজের সাফল্যের পাশাপাশি অন্যদের স্বপ্নপূরণে সাহস জোগাতে পারি।

মা-বাবার পথ ধরে শিলোও বিনোদন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করছেন। এবার তিনি পা রাখলেন কে-পপের দুনিয়ায়। জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন গানের ভিডিওতে দেখা যাবে শিলোকে।
৪ ঘণ্টা আগে
দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের ঘটনা, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে দেলুপি। নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত সিনেমাটি।
৭ ঘণ্টা আগে
২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’।
১৩ ঘণ্টা আগে
স্ত্রী-কন্যাকে নিয়ে যু্ক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। কাউকে না জানিয়ে ২ এপ্রিল রাতে পরিবার নিয়ে হঠাৎ করেই দেশে এসেছেন প্রতীক। উঠেছেন রাজধানীর আফতাবনগরের বাসায়। আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করতে দেশে এসেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে