আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে রয়েছে কবিগুরুর ঋণ। আজ জন্মদিনে বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষকে স্মরণ করছেন নানা অঙ্গনের মানুষেরা। শিল্পের অন্যান্য মাধ্যমের মতোই উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনও রবীন্দ্রনাথ ধারা অনেকটা প্রভাবিত। হিন্দি, বাংলা-নানা ভাষায় নির্মিত হয়েছে তাঁর সাহিত্য নিয়ে চলচ্চিত্র। হয়েছে প্রশংসিত, নন্দিত। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর সাহিত্যে নির্মিত ৫টি নন্দিত চলচ্চিত্র।
চোখের বালি
রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে যত চলচ্চিত্র নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, প্রশংসিত চলচ্চিত্র ‘চোখের বালি’-কে। একই নামের উপন্যাসকে ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করেছেন অনেক নির্মাতা। সর্বপ্রথম এই উপন্যাস নিয়ে সিনেমা বানানো হয় ১৯৩৮ সালে। সতু সেন পরিচালিত সেই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সুপ্রভা মুখোপাধ্যায়, ইন্দিরা রায়, শান্তিলতা ঘোষ, রমা বন্দ্যোপাধ্যায়, হরেন মুখোপাধ্যায়, ছবি বিশ্বাস, মনোরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। এরপর ২০০৩ ‘চোখের বালি’ নির্মাণ করেছেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। এতে অভিনয় করেন–ঐশ্বরিয়া রাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটা রায়চৌধুরী, লিলি চক্রবর্তী প্রমুখ। বিনোদিনী নামের এক বিধবার মানসিক অবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠে চলচ্চিত্রের কাহিনি। দুই বিধবার মধ্যকার বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে চলচ্চিত্রের কাহিনি পায় নতুন মাত্রা। ঐশ্বরিয়া এখানে ‘বিনোদিনী’ ও রাইমা সেন ‘আশালতা’ চরিত্রে অভিনয় করেন।
চারুলতা
সত্যজিৎ রায় পরিচালিত ‘চারুলতা’ রবীন্দ্র সাহিত্যে নির্মিত অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র। চারুলতা চলচ্চিত্রটির কাহিনি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ গল্প থেকে। অবহেলিত এক গৃহবধূর গল্প বলা হয়েছে এতে। যেখানে দেবরের সঙ্গে ছবিটির কেন্দ্রীয় চরিত্র চারুর এক অব্যক্ত সম্পর্ক গড়ে ওঠে। চলচ্চিত্রটি দেশ বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করে, এর মধ্যে ১৯৬৪ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বেয়ার পুরস্কার, ১৯৬৫ সালে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গোল্ডেন লোটাস পুরস্কার জয় এবং ১৯৬৫ সালে ওসিআইসি পুরস্কার।
সুভা
২০০৫ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত রবীন্দ্রনাথের ছোটগল্প ‘সুভা’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটিতে অভিনয় করেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পূর্ণিমা। ‘সুভা’ চরিত্রে বাক্প্রতিবন্ধী মেয়ের ভূমিকায় পূর্ণিমার অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বমহলে। শাকিব খানের অভিনয়ও নজর কেড়েছিল সমালোচকদের। ইমন সাহার সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদারে কণ্ঠে ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ গানটিও ছিল চমৎকার। এ ছাড়া সহ-শিল্পীদের মধ্যে রয়েছেন সুজাতা, তুষার খান, সালেহ আহমেদ।
অবুঝ বউ
নারগিস আখতার পরিচালিত ছবি ‘অবুঝ বউ’ মুক্তি পায় ২০১০ সালে। রবীন্দ্রনাথের ‘সমাপ্তি’ ছোটগল্প অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা, ফেরদৌস, শাকিল খান ও নিপুণ। চলচ্চিত্রটি ৩৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার লাভ করে। এ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার জেতেন নারগিস আখতার। এ ছাড়া সংগীতায়োজক হিসেবে পুরস্কৃত হন সুজেয় শ্যাম। সেরা সম্পাদনা বিভাগেও পুরস্কৃত হয় ছবিটি।
ঘরে-বাইরে
রবীন্দ্রনাথের ঘরে-বাইরে উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৮৪ সালে। সত্যজিৎ রায় পরিচালিত এ চলচ্চিত্রে দুই আবাল্য সুহৃদ সন্দীপ ও নিখিলেশের সম্পর্কের টানাপোড়ন সার্থকভাবে রূপায়িত হয় রুপালি ফিতায়। নিখিলেশের স্ত্রী বিমলার প্রতি সন্দীপের আকর্ষণ, তাদের প্রেম আর ইংরেজবিরোধী স্বদেশি আন্দোলনের অনেক সূক্ষ্ম বিষয় তুলে ধরে উপন্যাসটির এই চিত্ররূপ। বিমলা চরিত্রে ছিলেন স্বাতীলেখা চট্টোপাধ্যায়, সন্দীপের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নিখিলেশ ছিলেন ভিক্টর ব্যানার্জি। সত্যজিৎ রায় ১৯৪০-এর দশকে তাঁর প্রথম ছবি পথের পাঁচালি নির্মাণেরও আগে এই ছবির চিত্রনাট্য রচনা করেছিলেন। এই ছবির বিষয়বস্তু নারীমুক্তি, যা সত্যজিতের বহু ছবিতে বহু ভাবে উঠে এসেছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা পায় ‘ঘরে-বাইরে’। ছবিটি ১৯৮৪ কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'অর-এর জন্য প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হয়।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে