Ajker Patrika

জবির বেদখল ২ হল খালি করতে ১০ দিনের আলটিমেটাম ছাত্রদলের

জবি প্রতিনিধি‎
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২: ১৪
জবির বেদখল ২ হল খালি করতে ১০ দিনের আলটিমেটাম ছাত্রদলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা–কর্মীরা হল দুটি উদ্ধারে অভিযানে যান। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা হল দুটি উদ্ধারে অভিযানে যান। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন এবং সেখানে দেয়াললিখন করে আসেন।‎

‎এর আগে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি মিছিল নিয়ে রায়সাহেব বাজার হয়ে আরমানিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান। ‎এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলেও ব্যানার টানিয়ে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আলটিমেটাম দেন। তাঁরা সেখানে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল’, ‘অবৈধ হল ছাড়তে হবে’-সংবলিত দেয়াললিখন করেন।

জবি ছাত্রদলের ‎আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তাঁরা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিলেন। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আলটিমেটাম দিয়েছি।’ ‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা হল দুটি উদ্ধারে অভিযানে যান। ছবি: আজকের পত্রিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা হল দুটি উদ্ধারে অভিযানে যান। ছবি: আজকের পত্রিকা

‎সংগঠনটির সদস্যসচিব সামসুল আরেফিন বলেন, ‘যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজ দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।’ ‎

‎কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন-সংকটে ভুগছেন।

এ কর্মসূচিতে ‎যুগ্ম কমিটির আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, অনিক আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত