
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহ্সান খলিল পদত্যাগ করেছেন। মূলত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
গত বছরের এপ্রিল মাসে তিন বছরের জন্য এমডি হিসেবে যোগ দিয়েছিলেন কাজী আহ্সান। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ মাসের মাথায় আজ রোববার পদত্যাগপত্র জমা দিলেন। বাংলাদেশ ব্যাংকেও পদত্যাগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কাজী আহ্সান খলিল বলেন, নতুন পরিচালনা পর্ষদ আমাকে কোনো পূর্ববর্তী কারণ না জানিয়ে হঠাৎ করে ছুটিতে পাঠানোর উদ্যোগ নেয়। আমি সে সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারিনি। তাই স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিই। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। বাংলাদেশ ব্যাংকেও পদত্যাগপত্র পাঠিয়েছি। যেহেতু তারা বিষয়টি অনুমোদন দিয়েছে, তাই তারাই সিদ্ধান্ত নেবে। আর যদি বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্ত করে, তাহলে আরও অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে।
সূত্র জানায়, কাজী আহ্সান খলিলের ৩৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মেঘনা ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর নতুন করে শেয়ারধারী পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এইচএন আশিকুর রহমান। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের হাতে ছিল ব্যাংকের বেশির ভাগ শেয়ার।
এদিকে নতুন পরিচালনা পর্ষদে শেয়ারধারী পরিচালক হিসেবে উজমা চৌধুরী ও তানভীর আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মামুনুল হক ও রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক এমডি নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত এমডি হাবিবুর রহমান ও হিসাববিদ আলি আকতার রিজভীকে নিয়োগ দেওয়া হয়। পরে পর্ষদ সভায় চেয়ারম্যান নির্বাচিত করা হয় উজমা চৌধুরীকে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক।
এমডির পদত্যাগের বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান উজমা চৌধুরীকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বাদে অধিকাংশ ক্ষেত্রে জেলা শহরগুলোয় বিকল্প হাবের ব্যবস্থাও রাখা হয়নি...
১ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৫ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৫ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৬ ঘণ্টা আগে