
বৈশ্বিক বাজারে সোনার দামে টানা পতন ঘটলেও দেশের বাজারে তার প্রতিফলন মিলছে কম ও আংশিকভাবে। গত এক মাসে আন্তর্জাতিক বাজারে যেখানে সোনার দাম প্রায় ১৫ শতাংশ কমেছে, সেখানে দেশে কমেছে তার অর্ধেকের মতো—মাত্র ৭ দশমিক ৫ শতাংশ। এই ব্যবধান এখন দেশে সোনার ক্রেতা ও বাজার বিশ্লেষকদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই বৈশ্বিক বাজারে সোনার দামে অস্বাভাবিক পতন দেখা যায়। গত ২৮ ফেব্রুয়ারি সোনার দাম যেখানে আউন্সপ্রতি ৫ হাজার ১৭৫ ডলার, তা ধীরে ধীরে নেমে এসেছে ৪ হাজার ৫৮০ ডলারে।
একইভাবে গত ২৮ জানুয়ারিতে সোনার দাম ৫ হাজার ৩২৮ ডলারের যে উচ্চতায় পৌঁছেছিল, সেখান থেকে এখন দাম কমেছে প্রায় ২২ শতাংশ।
অন্যদিকে দেশের বাজারে দামের গতিপ্রকৃতি ভিন্ন চিত্র তুলে ধরছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত দরে গত ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ২২ হাজার ৩৮০ টাকা। পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে দাম কমার মধ্যেও দেশে একাধিকবার দাম বাড়ানো হয়। মার্চের শুরুতে তা সর্বোচ্চ ২৩ হাজার ৭৮৫ টাকায় ওঠে। সর্বশেষ গতকাল তা কমিয়ে আনা হয়েছে ২০ হাজার ৭০০ টাকায়। তবে পুরো সময়ে কমার হার দাঁড়িয়েছে মাত্র ৭ দশমিক ৫ শতাংশে।
এই অমিলের পেছনে সময়গত ব্যবধান ও বাজার কাঠামোর সীমাবদ্ধতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা দ্রুত হলেও দেশের বাজারে তা সমন্বয় হয় ধীরগতিতে। ফলে দাম কমার ক্ষেত্রে ভোক্তারা তাৎক্ষণিক সুবিধা পায় না। আবার কখনো কখনো আন্তর্জাতিক বাজারে দর কমার মধ্যেও দেশে দাম বাড়ার নজিরও দেখা গেছে, যা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই।
জানতে চাইলে বাজুসের মূল্য নির্ধারণ-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহিন বলেন, ‘আন্তর্জাতিক বাজারের মূল্য প্রতিমুহূর্তে পরিবর্তন হচ্ছে। আর আমাদের দেশে মূল্য নির্ধারণ হয় গ্রামে। এ ছাড়া আমাদের দেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারের মূল্যের ১৫ দিনের পার্থক্য থাকে। সবচেয়ে বড় বিষয় হলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে চলে দেশের তেজাবি সোনার বাজার। আমরা তাদের দাম অনুসারে সমন্বয় করে থাকি। এসব নানা কারণে আন্তর্জাতিক বাজারে যে হারে দাম কমে বা বাড়ে, সে হারে আমাদের এখানে সেই হার বজায় থাকে না।’ তবে তিনি জুয়েলারির দামের সঙ্গে মজুরির সমন্বয়ের ইঙ্গিতও দিয়েছেন। শাহিন বলেন, ‘আমাদের দেশের ক্রেতারা জুয়েলারির মজুরি সাধারণত দিতে চায় না। তাই আন্তর্জাতিক বাজারে যতটা কমে, আমরা ততটা কমাতে পারি না। সোনার দামের সঙ্গে মজুরির একটা সমন্বয় করার চেষ্টা করি।’
তবে শুধু স্থানীয় কারণ নয়, বৈশ্বিক অর্থনীতির বড় কিছু উপাদানও সোনার দামে প্রভাব ফেলছে। শক্তিশালী ডলার, উচ্চ সুদের হার এবং বন্ডের আকর্ষণীয় রিটার্ন সোনার ওপর চাপ তৈরি করছে। ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমার সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনা থেকে সরে গিয়ে সুদ বহনকারী সম্পদের দিকে ঝুঁকছেন। ফলে সোনার দাম আরও নিচের দিকে নেমে যাচ্ছে।
অন্যদিকে দেশীয় বাজারে এর প্রভাব পড়লেও তা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না। বিশেষ করে গয়না কেনাবেচায় ভরি হিসেবে মূল্য নির্ধারণ এবং এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় ভোক্তাদের জন্য প্রকৃত দাম কমার সুবিধা কম হয়ে থাকে। ঈদের পর সর্বশেষ দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা আগের তুলনায় কিছুটা কম হলেও বৈশ্বিক পতনের তুলনায় তা অনেকটাই কম।
বাজার বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে স্বল্প মেয়াদে সোনার দামে আরও ওঠানামা থাকতে পারে। তবে দীর্ঘ মেয়াদে মূল্য সংরক্ষণের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার চাহিদা আবারও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো—বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজার কত দ্রুত এবং কতটা স্বচ্ছভাবে দাম সমন্বয় করতে পারে।

রেলের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট রেল ইয়ার্ডগুলোতে আবার বাড়ছে কনটেইনার জট। লোডিং শেষ হওয়া ট্রেনও ছাড়তে না পারায় সরবরাহব্যবস্থায় দেখা দিয়েছে স্থবিরতা। সবচেয়ে বেশি সংকট দেখা গেছে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে...
১ ঘণ্টা আগে
অর্থবছরের শেষ চার মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের বড় চাপ সামনে নিয়ে এগোচ্ছে সরকার। এই লক্ষ্য পূরণ করতে প্রতি মাসে গড়ে ৭৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ প্রয়োজন। অথচ চলতি অর্থবছরের কোনো মাসেই আদায় ৪০ হাজার কোটি টাকা ছাড়ায়নি।
১ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা স্মৃতিসৌধে উপস্থিত..
৫ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ছুটির দিনে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেনাকাটার বিষয়টি চূড়ান্ত করা হয়।
৫ ঘণ্টা আগে