
ঠাকুরগাঁও সদর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খামার ও আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। উদ্দেশ্য—নজরদারি, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা জোরদার। কিন্তু বাস্তব চিত্র বলছে, নিরাপত্তার বদলে এখানে চলছে একধরনের প্রহসন।
বিএডিসি খামার এলাকায় ঘুরতে গিয়ে দেখা গেল, বহু বছর বয়সী একটি লম্বা নারিকেল গাছের গায়ে বসানো হয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা। তিনতলা ভবনের সমান উঁচু গাছটি বুড়িয়ে গেছে, ওপরের দিকে ধরেছে ঘুন, শাখা-প্রশাখা নুয়ে পড়েছে নিচের দিকে। বাতাসে গাছের সঙ্গে ক্যামেরাও দোলে। ফলে ক্যামেরায় ধারণ করা ফুটেজ হয় ঝাপসা ও অস্পষ্ট।
এমন চিত্র দেখে হতাশ স্থানীয়রা। একজন সার ও বীজ ডিলার মোজাহারুল ইসলাম বলেন, ‘এটা দেখে তো মানুষ হাসবে। ক্যামেরা যেখানে বাতাসে দুলছে, সেখানে কীভাবে অপরাধীকে শনাক্ত করবে? একটু চিন্তা করলে একটা পাকা পিলার বসিয়ে স্থায়ীভাবে করা যেত। কিন্তু যা করা হয়েছে, সেটা সম্পূর্ণ দায়িত্বহীনতা।’
নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন, ‘গাছে সিসিটিভি ক্যামেরা বসানো একটা কৌতুকের মতো শোনালেও বাস্তবে এটা দুর্ভাগ্যজনক। এমন কাজ দেখে মনে হয়, প্রকৃত নিরাপত্তার চেয়ে বরাদ্দ খরচ করাই যেন আসল উদ্দেশ্য। এটি একধরনের প্রাতিষ্ঠানিক খামখেয়ালিপনা এবং জনগণের অর্থের অপচয়।’
বিষয়টি নিয়ে কথা হলে ঠাকুরগাঁও বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক (আপৎকালীন মজুদ কর্মসূচি) শহীদুল্লাহ কায়সার অবশ্য তেমন গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘যদি ক্যামেরা ভেঙে যায়, তখন দেখা যাবে। আপাতত তো ঠিক আছে।’
তবে এ বিষয়ে জানতে বিএডিসি খামার কার্যালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক শারমিন আফরোজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে ঠাকুরগাঁও সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘গাছের গায়ে পেরেক মারা কিংবা ওজনদার কিছু ঝুলিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এতে গাছ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন আগেও আমরা সাইনবোর্ড ও অন্যান্য সরঞ্জাম গাছ থেকে খুলে দিয়েছি। মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্যও প্রচার চালানো হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে