
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর বাম তীরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস নেমেছে। এতে হুমকিতে পড়েছে হাজারো পরিবার এবং কয়েক হাজার হেক্টর কৃষিজমি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধস ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এলাকাবাসীর অভিযোগ, ডাম্পিং জোনে পর্যাপ্ত সিসি ব্লক ফেলা হয়নি। কাজে অনিয়ম আর ব্লকের স্বল্পতার কারণে বাঁধের ঢালের সিসি ব্লকে ধস নেমেছে। এতে করে ৩৫০ মিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির ঢালের ৩০ মিটার অংশের সিসি ব্লক একের পর এক ধসে যাচ্ছে। ধস ঠেকানো না গেলে দুর্যোগ নেমে আসার আশঙ্কা করেছে এলাকাবাসী।
পাউবো বলছে, ডাম্পিং জোনে ফেলা ব্লক কোনো কারণে সরে গিয়ে ধস শুরু হয়ে থাকতে পারে। বাঁধে ধস ঠেকাতে ইতিমধ্যেই বালুভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চলছে।
সারডোব গ্রামের বাসিন্দারা জানান, ধস শুরু হওয়ার পর শুক্রবার রাত থেকে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে। একের পর এক সিসি ব্লক দেবে যেতে দেখে তারা ভাঙনের আশঙ্কা করছে।
সারডোব গ্রামের বাসিন্দা কৃষক সিরাজুল হক বলেন, ‘এই বাঁধ আমাদের গ্রামের হাজারো পরিবার আর কৃষিজমির রক্ষাকবচ। বাঁধ ধসে গেলে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে হবে। আগের বন্যার ক্ষতি আমরা এখনো সামলে উঠতে পারিনি। বড় ক্ষতি হওয়ার আগে জরুরি ভিত্তিতে বাঁধের স্থায়ী মেরামতের দাবি জানাই।’
স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম ও আব্দুল কাদেরের অভিযোগ, ‘বাঁধের কাজে অনিয়ম হয়েছে। পর্যাপ্ত সিসি ব্লক ডাম্পিং না করার কারণে সামান্য স্রোতের আঘাতে বাঁধে ধস নামছে। বাঁধটি যদি রক্ষা করা না হয়, গ্রামবাসী অনেকে নিঃস্ব হয়ে যাবে।’
পাউবো সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে ধরলা নদীর তীর সংরক্ষণের জন্য ২০২০ সালে ৬২৯ কোটি টাকার ধরলা প্রকল্প হাতে নেওয়া হয়। এর আওতায় ২০ দশমিক ২৯ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ১৭ দশমিক ৯ কিলোমিটার বিকল্প বাঁধ নির্মাণ এবং ১৪ দশমিক ৮৮৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ করা হয়েছে।
এই প্রকল্পের ফলে প্রায় ২২ হাজার ৪০০ পরিবার, ৫০টি হাট-বাজার, ৩০টি নৌঘাট এবং ১০ হাজার হেক্টর আবাদি জমি বন্যার কবল থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে পাউবো। ইতিমধ্যে প্রকল্পের ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। এদিকে কাজ শেষ হওয়ার আগেই সারডোব গ্রামে ধরলার বাম তীর সংরক্ষণ বাঁধে নতুন করে ধস দেখা দেওয়ায় প্রকল্পে কাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে সারডোব অংশে বাম তীর সংরক্ষণ প্রকল্পটি এখনো হস্তান্তর করা হয়নি। বাঁধ ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার ঠিকাদারকে নিতে হবে। আমরা নজর রাখছি। আপাতত জিও ব্যাগ ফেলে ধস ঠেকিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। পানি নেমে গেলে নিয়ম অনুযায়ী মেরামত করা হবে।’
ধসের কারণ প্রশ্নে এই পানি প্রকৌশলী বলেন, ‘সম্ভবত নিচে ডাম্পিং জোনে বড় গর্ত বা অন্য কোনো কারণে ব্লক সরে গিয়ে থাকতে পারে। এর ফলে বাঁধের ঢালেও ব্লক প্লেসিং ধসে গেছে। আমরা গুরুত্ব দিয়ে মেরামত কাজে নজর রাখছি। আশা করছি বড় কোনো বিপর্যয় হবে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান এএইচ জেভির স্থানীয় প্রতিনিধি সফিকুল ইসলাম বলেন, ‘ধারণা করছি, পানির স্রোতের ঘূর্ণির কারণে ডাম্পিং জোনের ব্লক সরে গিয়ে সমস্যা সৃষ্টি হয়ে থাকতে পারে। আমরা মেরামতকাজ করছি। কাজটি এখনো চলমান। হস্তান্তরের আগে আমরা নিজ দায়িত্বে সবকিছু মেরামত করব। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে