
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জেলা নীলফামারীর জনজীবন। আজ মঙ্গলবার জেলার সৈয়দপুরে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার (১ জুন) একই তাপমাত্রা ছিল।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া কর্মকর্তা মো. লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ মে থেকে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় গড় তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ৬০ থেকে ৭০ ভাগ। এটি গড় করলে হবে ৬৫ ভাগ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে ভাপসা গরম অনুভূত হচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ১৩ থেকে ১৪ জুনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আছে। ওই সময়ে বৃষ্টি হলে তাপমাত্রা আস্তে আস্তে সহনীয় পর্যায়ে চলে আসবে। চলতি মাসের ১ তারিখ সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ে ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ছিল ওই দিন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে দাবদাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জেলার অধিকাংশ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসেননি। মানুষকে বড় বড় গাছতলায় বিশ্রাম নিতে দেখা যায়। প্রচণ্ড গরমের সঙ্গে বিদ্যুতের লোডশেডিং মানুষকে আরও বিপাকে ফেলেছে।
সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের কোরানীপাড়ার কৃষক রশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তীব্র রোদের কারণে আমনের বীজতলা পুড়ে যাচ্ছে। দিনের বেলায় গ্রামের মানুষজন একটু প্রশান্তির জন্য ঘর ছেড়ে গাছতলা ও বাঁশতলায় বিশ্রাম নিচ্ছে।
শহরের আখের রস বিক্রেতা আবুল হোসেন বলেন, ‘আগের চেয়ে প্রতিদিন তিন গুণ বেশি আখের রস বিক্রি হয়। তবে প্রচণ্ড গরমে শহরের মধ্যে টিকে থাকা মুশকিল।’
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রচণ্ড তাপের কারণে মাঠে কাজ করতে পারছেন না শ্রমিক। অনেকে জীবিকার টানে কাজে নামলেও অসুস্থ হয়ে পড়ছেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, তাপপ্রবাহের ফলে বিভিন্ন রোগের সংখ্যা বেড়ে গেছে। যেমন সর্দি-জ্বর, মাথাব্যথা ও পেটের সমস্যার রোগী বেশি আসছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা বেশি এই দাবদাহে আক্রান্ত হচ্ছে।
বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে নীলফামারী নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়া যাচ্ছে। এ কার্যালয়ের আওতায় ১১টি ফিডারে মোট ৩৬ হাজার ২৯৬ জন গ্রাহক। এসব গ্রাহকের জন্য প্রয়োজন ১৫ মেগাওয়াট বিদ্যুৎ। সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে ৯ থেকে ১২ মেগাওয়াট। এ জন্য লোডশেডিং দিতে হচ্ছে।’

শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
৪ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
চাঁদপুর শহরের পুরাণ বাজারে নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধ গরম পানি ফেলে দূষণ এবং খাল ভরাটের অভিযোগে দুই অটো রাইস মিল মালিককে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি আবুল কাশেমকে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কারও করা হয়েছে।
১৪ মিনিট আগে