
ঈদুল আজহা সামনে রেখে নীলফামারী জেলার বিভিন্ন পশুর হাটে কোরবানির পশুর কেনাবেচা জমে উঠেছে। তবে এই ব্যস্ততার মধ্যেই সরকারি নিয়ম অমান্য করে অতিরিক্ত হাসিল আদায় এবং বিক্রেতাদের কাছ থেকেও রসিদ ছাড়া টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।
সরেজমিনে জেলার জলঢাকা হাট, মীরগঞ্জ, ডোমারের বসুনিয়া ও নীলফামারী সদর পৌরসভা হাট ঘুরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কোরবানির পশুর হাটে গরুপ্রতি ক্রেতার কাছ থেকে ৬০০ টাকা হাসিল নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, বিভিন্ন হাটে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ ছাড়া বিক্রেতাদের কাছ থেকেও রসিদ ছাড়া ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
ক্রেতারা অভিযোগ করেন, হাটে কোথাও সরকারি মূল্যতালিকা টাঙানো নেই। গরু কেনার পর ইজারাদারের লোকজন অতিরিক্ত টাকা আদায় করছেন। রসিদে সরকার নির্ধারিত টাকার উল্লেখ থাকলেও বাড়তি টাকা ফেরত দেওয়া হচ্ছে না।
বিক্রেতারাও অভিযোগ করেন, কষ্ট করে পশু লালন-পালন করে হাটে আনার পর বিক্রির সময় তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা কেটে রাখা হচ্ছে।
এ বিষয়ে ইজারাদারদের প্রতিনিধিরা বলেন, হাট পরিচালনায় সরকারি খরচের বাইরে আরও আনুষঙ্গিক ব্যয় থাকে। সে কারণেই কিছু অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ বলেন, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের সুযোগ নেই। অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে