Ajker Patrika

হাওরে দুর্বল বাঁধ, শঙ্কায় কৃষক

নেত্রকোনা প্রতিনিধি
হাওরে দুর্বল বাঁধ, শঙ্কায় কৃষক
সামান্য বৃষ্টিতেই ধসে পড়েছে চিকাডুবি হাওরের হাইজদা বেড়িবাঁধ উপপ্রকল্পের বাঁধের দুই পাশের কিছু অংশ। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার হাওরে বোরো ধান শিষ ছাড়তে শুরু করেছে। আগাম বন্যার হাত থেকে একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও নির্দিষ্ট সময়ে পুরোপুরি কাজ শেষ করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের ২৪ দিন পেরোলেও শুধু বাঁধে মাটি কাটার কাজ শেষ করা হয়েছে। এখনো বাকি বাঁধের মাটি পিটিয়ে বসানো, দুর্বাঘাস লাগানো ও পরিচর্যার কাজ।

ইতিমধ্যেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। হাওরের নিচু অংশে পানি জমছে। কিছু বাঁধের পাশে পানি উঠেছে। মাটি শক্ত না থাকায় সামান্য বৃষ্টিতেই কয়েকটি বাঁধের পাশ ধসে পড়ে। পরে সেগুলো মেরামত করা হলেও এগুলোর স্থায়িত্ব নিয়ে কৃষকদের শঙ্কা কাটছে না।

গত বুধবার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে চিকাডুবি হাওরের হাইজদা বেড়িবাঁধ উপপ্রকল্পের ২৪ নম্বর পিআইসির বাঁধের দুই পাশে কয়েকটি অংশ সামান্য বৃষ্টিতে ধসে যায়। বাঁধে আংশিক ড্রেসিং করা হলেও দুই পাশে দুর্বাঘাসের ছোট ছোট স্তূপ ফেলে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, মাটি ঠিকভাবে পিটিয়ে বসানো হয়নি।

একই দিন খালিয়াজুরী উপজেলার চৈত্তার হাওরের ফসল রক্ষা বাঁধের একটি অংশে প্রায় ১৫ মিটার ধসে পড়ে। বিষয়টি প্রকাশ্যে এলে সংশ্লিষ্টরা দ্রুত মেরামত করেন। তবে এতে কৃষকদের উদ্বেগ কমেনি।

মোহনগঞ্জ উপজেলার করাচাপুর এলাকার কেওরাখালী খালে এবার প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাঁধ দেওয়া হয়নি। ফলে বৃষ্টির পানিতে সাতমা ধলাই নদের পানি হাওরে ঢুকতে শুরু করে। পরে স্থানীয় কৃষকেরা মাটি কেটে খালে বাঁধ দেন।

কৃষকেরা বলছেন, এবার দায়সারাভাবে বাঁধের কাজ করা হয়েছে। পিটিয়ে মাটি বসানো হয়নি। সঠিকভাবে ঘাসও লাগানো হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই বাঁধের মাটি ধসে যাচ্ছে। আগাম বন্যা হলে বাঁধ টিকবে না, হাওরের বোরো ধান তলিয়ে যাবে।

মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃষক আ. হাসিম বলেন, ‘হাওরের একটা ফসলের ওপর আমাদের সারা বছরের খাওয়াদাওয়া, আনন্দ-উৎসব, চিকিৎসা, বাজার খরচ, ছেলেমেয়ের পড়াশোনাসহ সবকিছু নির্ভর করে। এই ফসল ঘরে তুলতে না পারলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসে। আর বাঁধের ওপর নির্ভর করে এই ফসল। তবে এবার দুর্বল বাঁধের কারণে আগাম বন্যা হলে হাওরের ফসল তলিয়ে যেতে পারে।’

খালিয়াজুরী উপজেলার লেপসিয়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এবার দেরিতে বাঁধের কাজ শেষ করা হয়েছে। এতে মাটি শক্ত হওয়ার সময় পায়নি। ইতিমধ্যেই বৃষ্টি হতে শুরু করেছে। আগাম বন্যা হলে ফসল রক্ষা করা কঠিন হবে।’

নীতিমালা অনুযায়ী, ৩০ অক্টোবরের মধ্যে প্রকল্প নির্ধারণ, ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন, ১৫ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা। একই সঙ্গে দুর্বাঘাস লাগিয়ে পরিচর্যার মাধ্যমে বাঁধ শক্ত করার নির্দেশনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৩৬৫ কিলোমিটার ডুবন্ত (অস্থায়ী) বাঁধ রয়েছে। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় এ বছর ১৩৭ দশমিক ৫৭৯ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য ২০২টি পিআইসি গঠন করা হয়েছে। বরাদ্দ ধরা হয়েছে ৩০ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে খালিয়াজুরীতে ১৪৩টি, মোহনগঞ্জে ২৯টি, মদনে ১৯টি এবং কলমাকান্দায় ১০টি পিআইসি কাজ করছে। এ বছর হাওরে প্রায় ৪৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা কাবিটা প্রকল্পের সদস্যসচিব ও পাউবোর উপসহকারী প্রকৌশলী এনায়েত রহমান বলেন, একটা বাঁধে সামান্য সমস্যা হয়েছিল। আর কোথায়ও কোনো সমস্যা হয়নি। খবর পেয়ে মাটি কেটে ঠিক করা হয়েছে। ঘাস ঠিকমতো লাগানোর জন্য পিআইসির সংশ্লিষ্টদের বলা হয়েছে। কয়েক দিনের মধ্যে পর্যাপ্ত ঘাস লাগানো হবে।

এনায়েত রহমান বলেন, হাওরের ফসল রক্ষায় কেওরাখালী খালে বাঁধ দেওয়া দরকার। পরপর কয়েক বছর কেওরাখালী খালে পিআইসির মাধ্যমে বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু ওই গত বছর খালে বাঁধের বিষয়ে স্থানীয় একজন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেয়। বিষয়টি তদন্তাধীন থাকায় এবার ওই খালে বাঁধ দেওয়া যায়নি। পরে স্থানীয়রা খালে বাঁধ দিয়েছে। ফলে আর কোনো সমস্যা হবে না।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী ও জেলা কাবিটা প্রকল্পের সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, একটু দেরি হলেও সবগুলো বাঁধের কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। আগে বৃষ্টি ছিল না বলে ঘাস লাগিয়ে তাজা করা যাচ্ছিল না। এখন বৃষ্টি হওয়াতে ঘাস তাজা করা সম্ভব হবে। যেসব বাঁধে ঘাস ঠিকমতো লাগানো হয়নি, তাদের তাগাদা দেওয়া হয়েছে দ্রুত ঘাস লাগিয়ে পরিচর্যা করার জন্য। আপাতত আগাম বন্যার পূর্বাভাস নেই। পরে বৃষ্টি হয়ে পানি বৃদ্ধি পেলেও ফসলের কোনো সমস্যা হবে না। বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ট্রাম্পের আলোচনার প্রস্তাব ইরানের টিকে থাকা সর্বশেষ নেতাদের হত্যার ফাঁদ

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত