Ajker Patrika

কমলগঞ্জে কর্মস্থলে ফিরলেন চিকিৎসকরা, ৮০ দিন পর চালু হলো ক্যামেলিয়া হাসপাতাল

মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে কর্মস্থলে ফিরলেন চিকিৎসকরা, ৮০ দিন পর চালু হলো ক্যামেলিয়া হাসপাতাল
ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে লক্ষাধিক চা শ্রমিকের মাঝে। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে ৮০ দিন বন্ধ থাকার পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল পুনরায় চালু হয়েছে। আজ সোমবার দুপুরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে হাসপাতালের পরিচালক আনোয়ারুল ইসলামসহ চিকিৎসকরা কর্মস্থলে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।

গত ২৭ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় এক চা শ্রমিকের সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে হামলা, ভাঙচুর চালায় সংঘবদ্ধ একটি দল। তারার চিকিৎসকদেরও লাঞ্ছিত করে। নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করলে টানা ৮০ দিন হাসপাতালটির চিকিৎসা সেবা বন্ধ থাকে।

এদিকে হাসপাতালটিতে চিকিৎসা সেবা চালুর দাবিতে “চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে” স্লোগানে টানা দুই মাসের বেশি সময় ধরে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের ধারাবাহিক আন্দোলন চলছিল।

সমস্যা সমাধানে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং শমশেরনগর চা বাগানের জিএম ও মহাব্যবস্থাপক কামরুজ্জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেন।

এর পরিপ্রেক্ষিতে আজ কমলগঞ্জের শমশেরনগরে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে আবার চা শ্রমিকদের চিকিৎসা সেবা চালু হয়। এতে ডানকান ব্রাদার্সের চা বাগানগুলোর শ্রমিক ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক অসহায় মানুষের চিকিৎসার ভরসা ছিল ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। একটি ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেলে টানা ৮০ দিন এ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপক যোগাযোগের ফলে তাঁরা অসহায় চা শ্রমিকদের কথা ভেবে আবার এ হাসপাতালে চিকিৎসা সেবা চালু করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত