
লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা সার বিক্রয়ে (কৃষি অধিদপ্তরের তদারকিতে) ফের অনিয়মের অভিযোগ উঠেছে। আদালতের বিচারক নির্দেশ দিয়েছিলেন, স্থানীয় প্রশাসনের তদারকিতে জব্দ করা সার সরকারি দরে বিক্রি করতে হবে।
কিন্তু স্থানীয় কৃষকেরা বলছেন, যোগসাজশে এসব সার অতিরিক্ত দামে বিক্রি করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, কবে এবং কীভাবে জব্দ করা সার বিক্রি হলো, এ সম্পর্কে তাঁদের কোনো তথ্য দেওয়া হয়নি। সার বিক্রিতে স্বচ্ছতার ঘাটতি থাকায় ইউএনও এবং উপজেলা কৃষি কর্মকর্তার তদারকি নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
জানা গেছে, গত ২৪ থেকে ২৬ অক্টোবর উপজেলার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে অবৈধভাবে আনা সরকারি সার মজুত এবং বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে ১৫টি দোকান থেকে ৯ হাজার ৯০ বস্তা সার জব্দ এবং ৮ জন ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে জব্দ করা সাড়ে ৬ হাজার বস্তা সার বেশি দামে বিক্রির পর স্থানীয় প্রশাসন সমালোচনার মুখে পড়লে ৩ ডিসেম্বর হঠাৎ ২ হাজার ৫০০ বস্তা সার সরকারি দামে বিক্রি করা হয়। সারগুলোর বেশির ভাগই ইউরিয়া।
কুচলিবাড়ী ইউনিয়নের স্থানীয়টারী গ্রামের মিজানুর ইসলাম বলেন, ‘আমার নামে সার কেনার কথা লেখা হয়েছে, কিন্তু আমি তো ভ্যান চালাই, সার কিনিনি।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুচলিবাড়ীর ললিতারহাটে মেসার্স সুমন ট্রেডার্সের প্রতিনিধি ফিরোজ হাসান বলেন, ‘জব্দ করা সার কৃষকদের কাছে বাকিতে দেওয়া হয়েছে। কৃষকেরা ৭-৮ মাস পর টাকা দেবে, তাই কিছুটা বেশি দামে দিতে হয়েছে।’
পাটগ্রাম পৌরসভার অন্তর ট্রেডার্সের মালিক আব্দুল আজিজ বলেন, ‘বাকিতে সার বিক্রি করলে কিছু দাম বেশি লাগে। টিএসপি নগদে ১ হাজার ৯৫০, বাকিতে ২ হাজার ৩৫০ টাকা; পটাশ নগদে ১ হাজার ১০০, বাকিতে ১ হাজার ৫৫০ টাকা; ডিএপি নগদে ১ হাজার ৪৫০, বাকিতে ১ হাজার ৬৫০ টাকা করে দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, ‘জব্দ সার সরকারি দামে বিক্রি করার কথা ছিল। কিছু জায়গায় অভিযোগ এসেছে, বেশি দামে বিক্রি হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
যে অনিয়মের কারণে সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হলো; জব্দ করা সেই সার বিক্রিতে একই অনিয়ম হলো, এতে কর্মকর্তাদের গাফিলতি আছে কি না, এমন প্রশ্নে ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘সার-সংকট তৈরি করে দাম বেশি নেওয়ার ঘটনায় অসাধু কিছু ব্যবসায়ী জড়িত ছিলেন। তাঁদের শনাক্ত করে অর্থদণ্ড ও সার জব্দ করে সরকারি দরে বিক্রির আদেশ দেওয়া হয়েছিল। আমার পক্ষে তো সব বিক্রয়ের জায়গায় থাকা সম্ভব নয়। বেশি দামে সার বিক্রি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
অপর প্রশ্নে উত্তম কুমার দাশ বলেন, ‘যেসব দোকান থেকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সার জব্দ ও জরিমানা করা হয়, কৃষকদের সুবিধার্থে কৃষি অধিদপ্তরের তদারকিতে ওই সব দোকান থেকে জব্দ করা সার বিক্রি করা যায়।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে