
দরিদ্রদের জীবনেও ঈদুল আজহা আসে। তবে তাদের ঈদ একটু ভিন্ন। পশু কোরবানি দেওয়ার সাধ্য নেই তাঁদের। কোরবানির ঈদের জন্য অপেক্ষা করেন অনেক দরিদ্র মানুষ। এক দিন মাংস-ভাত খাওয়ার ইচ্ছা পূরণ করতে সারা দিন বিভিন্ন পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে দুই-এক টুকরো করে মাংস সংগ্রহ করেন তাঁরা। এ কাজে বয়স্ক বৃদ্ধ-নারী-পুরুষের সঙ্গে শিশুদেরও দেখা যায়।
আজ শনিবার ঈদের দিন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকায় বিভিন্ন বাড়ির সামনে ব্যাগ হাতে অনেককেই ভিড় করতে দেখা যায়। যেসব বাড়িতে পশু কোরবানি হয়েছে, তাঁরা শুধু তাঁদের কাছে এক টুকরো মাংস চান। ফিরিয়ে দিলেও এসব দরিদ্র মানুষ বারবার হাত বাড়িয়ে যতটুকু সম্ভব মাংস দিতে আকুতি জানান।
কোরবানির মাংসের আশায় ঈদের সকালে খয়েরবাড়ী আশ্রয়ণ প্রকল্প থেকে পৌরসভা এলাকায় আসেন আসমা বেগম, অমিছা বেগম, নাসরিন বেগমসহ অনেকেই। অলিগলিতে পশু কোরবানির পর কোরবানিদাতারা যখন মাংস প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত, তখন এক দুই-টুকরো মাংসের আশায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ দল বেঁধে এদিক-ওদিক ছোটাছুটি করেন তাঁরা। অনেক সময় মাংস সংগ্রহ করতে গিয়ে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হন কেউ কেউ।
আসমা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। কোরবানির ঈদে আমাদের একটা হক আছে। কিন্তু বড়লোক মানুষ অনেকেই এটা মানতে চায় না। বাড়ির সামনে গেলে ফিরিয়ে দেয়। আবার কখনো কেউ ধাক্কা দিয়ে বের করে দেয়।’
আসমা বলেন, ‘মাংসের দাম বেশি। তাই সরা বছর গরুর মাংস কেনার সামর্থ্য হয় না। আমরাও মানুষ। আমাদেরও খেতে ইচ্ছে করে। তাই এক টুকরো মাংসের আশায় ঈদের দিনে ব্যাগ নিয়ে শহরে এসেছি।’
অমিছা বেগম বলেন, ‘সেই সকালে বাড়ি থেকে রওনা দিয়ে শহরে এসেছি। বাবা দুই-এক টুকরো মাংসের আশায়। আমাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। বিত্তবান মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে বছরের একটা দিন খেতে পারি।’
নাসরিন বেগম বলেন, ‘আমি আশ্রয়ণ প্রকল্পে থাকি। অন্যের বাড়িতে কাজ করে পাওয়া সামান্য টাকায় সংসার চলে। মাংস খাওয়া কি আমাদের ভাগ্যে আছে। এই কোরবানির ঈদে অপেক্ষায় থাকি। মাংস সংগ্রহ করে স্বামী-সন্তানকে নিয়ে একবেলা খাব।’
মাংস সংগ্রহ করতে এসে ছামছুল মিয়া বলেন, ‘বড়লোকদের দরজার সামনে গেলে তাঁরা অনেকে মাংস দিতে চান না। কেউ কেউ মাংস নেই বলে আমাদের ধাক্কা দিয়ে বের করে দেন।’
পরিবারের বড়দের সঙ্গে আসা আট বছরের শিশু শেফালি বলে, ‘এখন পর্যন্ত এক কেজি মাংস পেয়েছি। দেখি আর কতটুকু পাওয়া যায়। এই মাংস বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে এক বেলা মজা করে ভাত খেতে পারব।’
আরিফুল ইসলাম নামের আরেক শিশু বলে, ‘আমরা যেখানে ভালোভাবে এক বেলা খেতেই পাই না, সেখানে গরুর মাংস খাওয়া তো স্বপ্নের ব্যাপার। মাংস সংগ্রহ করতে এসেছি। যা পাব, বাড়িতে নিয়ে মা-বাবাকে নিয়ে একবেলা খাব।’
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার বলেন, ‘অনেক দরিদ্র মানুষ সারা বছর কোরবানির ঈদের জন্য অপেক্ষা করে থাকেন। নুন আনতে যাদের পান্তা ফুরায়, মাংস কেনা যাদের কাছে বিলাসিতা, এই কোরবানি ঈদে তাদের স্বপ্ন জাগে এক বেলা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার। তাই একটু সহানুভূতি দেখিয়ে কোরবানির পশুর মাংসের একটি অংশ এসব মানুষকে দেওয়া উচিত।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে