
ধর্ষকসহ বিচারের নামে আপস-মীমাংসাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ সোমবার বিকেল ৫টায় স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সচেতন সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে চুড়ি ও মুখে কালো কাপড় বেঁধে সমাজের নীরবতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিস্পৃহতা তুলে ধরেন।
সম্প্রতি ফুলবাড়ীতে ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার এবং চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পৃথক দুটি ঘটনাই স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন অপরাধের পরও সমাজের নীরবতা ভয়ংকর। তাঁরা ধর্ষক ও আপসকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক শিহাব হোসাইনসহ স্থানীয় তরুণ ও সচেতন নাগরিকেরা।
জানা গেছে, ১৯ মে স্কুলে যাওয়ার পথে এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে আপসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ছাড়া গত ৫ ফেব্রুয়ারি উপজেলার এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে