
চট্টগ্রামের পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন নিহতের ঘটনায় জাতীয় শ্রমিক লীগের নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (সোমবার) ঘটনার পর রাতেই গোয়েন্দা পুলিশ ও থানার পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন মো. ইলিয়াছ হোসেন মিঠু (৪৫), আব্দুর রহিম (পূর্বের নাম কার্তিক বনিক) (২৯), বিপ্লব মল্লিক (২৮), রবিউল ইসলাম (২০), রায়হান উদ্দিন (১৯), মো. শামীম (২৮), সাগর দাশ (২০) ও ১৬ বছরের এক কিশোর। এর মধ্যে ইলিয়াছ হোসেন জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা কমিটির সাধারণ সম্পাদক। ঘটনার পর কক্সবাজার পালিয়ে যাওয়ার সময় পথে চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাকিরা এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের সদস্য।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার রাত ৮টার দিকে পাহাড়তলী জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের গেটের সামনে তুচ্ছ ঘটনাকে নিয়ে দুই পক্ষের মারামারির পর ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এ সময় মাসুম (৩০) ও সজিব (২০) নামে ছুরিকাঘাতে আহত দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নারীসংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক চলাকালে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এর আগে সাগরিকা মোড়ে শ্রমিক লীগ নেতা মো. ইলিয়াছ হোসেন তাঁর অফিসে দুই পক্ষের মধ্যে সমঝোতার কথা বলে সবাইকে ডেকে আনেন।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার মূল হোতা ছিলেন মো. ইলিয়াছ হোসেন। তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটাক মোড়ে একটি অফিস আছে। সেখানে বসে দুই কিশোর গ্রুপকে পরিচালনা করত। দুই গ্রুপের মধ্যে মেয়েঘটিত বিষয় নিয়ে ঝগড়া হলে তিনি উভয় গ্রুপকে তাঁর অফিসে ডেকে আনেন। এ সময় বৈঠকে তর্কাতর্কি শুরু হলে সে নিজেই শালাদের ধরে মার বলার সঙ্গে সঙ্গে ফয়সাল, বাবু, বিপ্লব, কার্তিকসহ আরও ১০/১৫ জন মাসুম, সজিবসহ কয়েকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করেন।’
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই খুনের ঘটনায় আজ নিহত মাসুমের ভাই মনির হোসেন বাদী হয়ে ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তিনি বলেন, ‘পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। এঁদের মধ্যে রবিউল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ছয় আসামিকে আদালতে পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। গ্রেপ্তার সাতজনই মামলার এজাহারনামীয় আসামি। বাকি একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।’
ওসি আরও বলেন, ‘সিরাজুল ইসলাম শিহাবের সঙ্গে তাঁর পরিচিত রবিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। এর জেরে বিটাক মোড়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয় নিয়ে রাতে ৮টার দিকে নিজেদের মধ্যে মীমাংসার জন্য বিটাক গলিতে আসে। এ সময় দাঁড়িয়ে কথা বলা অবস্থায় হঠাৎ করে পেছন থেকে কয়েকজন মাসুম ও সজীবকে ছুরিকাঘাত করে।’ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে