
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
গতকাল বুধবার সকালে পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদীর ভাড়ানি খালে সমুদ্রগামী অর্ধশতাধিক ট্রলার খালে ও ঘাটে নোঙর করে থাকতে দেখা যায়। এসব ট্রলার ডিজেলে চলে। কিন্তু স্থানীয় খুচরা দোকানে জ্বালানি তেল কিনতে পারছেন না। ডিজেল মজুত না থাকার দাবি দোকানিদের। আশপাশে কোনো ফিলিং স্টেশনও নেই। ফলে সব ধরনের বাজার-সদাই করে প্রস্তুতি নিলেও জ্বালানির অভাবে জেলেরা মাছ ধরতে সাগরে যাওয়ার জন্য ট্রলার ছাড়তে পারছেন না।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এই অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলের মতো পাথরঘাটায়ও জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়। জেলেদের অভিযোগ, দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রির আশায় তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন।
জেলেপল্লিতে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর ঈদের আগমুহূর্তে গভীর সমুদ্রে মাছ শিকার করে সেই আয়ের টাকায় পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্যাপন করেন উপকূলের জেলেরা। কিন্তু এ বছর জেলেরা সমুদ্রে যেতে না পারায় তাঁদের পরিবার-স্বজনদের ঈদের কেনাকাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পাথরঘাটা সদর ইউনিয়নের জেলে আব্দুর রহমান বলেন, ‘দোকানগুলোয় তেল মজুত আছে বলেই মনে হয়, কিন্তু আমরা কিনতে গেলে বলা হয়, তেল নেই। ফলে জ্বালানি না পাওয়ায় সমুদ্রে যেতে পারছি না। ভেবেছিলাম, ঈদের আগে সাগরে গিয়ে মাছ ধরে আয় করব। সেই টাকায় পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ করব। কিন্তু এখন মনে হচ্ছে, এ বছর আর সেই আশা পূরণ হবে না।’
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার বিভিন্ন দোকানে পর্যাপ্ত তেল থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে বিক্রির আশায় গোপনে মজুত করে রেখেছেন। এর ফলে সমুদ্রগামী ট্রলারগুলো প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ঘাটে বসে থাকতে বাধ্য হচ্ছে।
গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, অনেক ট্রলার এরই মধ্যে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার জন্য বাজার-সদাইসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ঘাটে অপেক্ষা করছে। কিন্তু জ্বালানি তেল না পাওয়ায় জেলেরা সাগরে যেতে পারছে না। এতে জেলে, আড়তদার ও ট্রলারমালিকদের লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) তাছলিমা আক্তার বলেন, যদি কোনো অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন, তাঁদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল।
২ ঘণ্টা আগে