
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দু-তিন গুণ বেশি আদায় করছে।
গতকাল শনিবার সকাল থেকেই পাটুরিয়া ও আরিচা ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। সরেজমিনে দেখা যায়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ফেরি, লঞ্চ ও স্পিডবোটে পদ্মা নদী পার হয়ে মানিকগঞ্জের দুই ঘাটে এসে পৌঁছাচ্ছেন। তাঁদের অধিকাংশ ঢাকা, সাভার, ধামরাই, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।
সরেজমিনে দেখা গেছে, সরাসরি অতিরিক্ত ভাড়া নিলে প্রশাসনের তোপের মুখে পড়ার ভয়ে পরিবহনশ্রমিকেরা এবার নতুন কৌশল অবলম্বন করছেন। পাটুরিয়া-গাবতলী রুটের বাসগুলো সরাসরি গাবতলীর যাত্রী না তুলে কেবল নবীনগর ও সাভারের যাত্রী তুলছে। যেখানে নবীনগরের স্বাভাবিক ভাড়া ১২০-১৩০ টাকা, সেখানে আদায় করা হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। আবার গাবতলী যেতে হলে নবীনগরে নেমে পুনরায় বাড়তি ভাড়ায় অন্য গাড়িতে উঠতে হচ্ছে। ফলে ১৮০ টাকার স্থলে গাবতলী পৌঁছাতে একেকজন যাত্রীর খরচ হচ্ছে ৪০০-৫০০ টাকা।
কুষ্টিয়া থেকে আসা পোশাকশ্রমিক ছাবিহা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাড়িতে ঈদ করে আনন্দ নিয়ে ফিরছিলাম; কিন্তু ঘাটে এসে সব মাটি হয়ে গেল। ১৩০ টাকার ভাড়া চাচ্ছে ৩০০ টাকা। দেখার কেউ নেই, প্রতিবাদ করারও উপায় নেই।’
পাবনা সদরের বাসিন্দা আরিফ হাসান বলেন, ‘পরিবার নিয়ে বাড়তি ভাড়া দেওয়া আমাদের মতো শ্রমিকের জন্য খুবই কষ্টের।’
এদিকে স্থানীয় ও স্বল্প দূরত্বের যাত্রীরা পড়েছেন আরও বিপাকে। তাঁরা জানিয়েছেন, বাসগুলো স্থানীয় যাত্রী তুলতে অনীহা দেখাচ্ছে। বাধ্য হয়ে অনেক যাত্রী সিএনজিচালিত অটোরিকশা বা খোলা ট্রাকে ঢাকা-আরিচা মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন। এ ক্ষেত্রেও ৫০ টাকার ভাড়া ১০০-১৫০ টাকা গুনতে হচ্ছে।
বাড়তি ভাড়ার বিষয়ে আসলাম মিয়া নামের এক বাসচালক বলেন, ‘ঢাকা থেকে আসার সময় আমাদের গাড়ি খালি নিয়ে আসতে হয়। সেই তেলের খরচ মেটাতেই যাত্রীদের কাছ থেকে একটু বেশি নিতে হচ্ছে। এ ছাড়া বর্তমানে তেলেরও সংকট রয়েছে। তিন-চারটি পাম্প ঘুরে তেল নিতে হয়।’
সাভারের একটি পোশাক কারখানায় কর্মরত গৃহবধূ আতিয়া আক্ষেপ করে বলেন, ‘দুই সন্তানকে নিয়ে ৩ ঘণ্টা ধরে উথলী মোড়ে দাঁড়িয়ে আছি, কোনো বাসই সিট খালি বলছে না, আর নিলেও ৫০০ টাকা চাইছে—এত টাকা আমরা কোথায় পাব?’
রাজবাড়ী থেকে আসা যাত্রী প্রবীণ আকিজ উদ্দিন বলেন, ‘শরীরের যে অবস্থা তাতে ট্রাকে উঠতে ভয় লাগে; কিন্তু বাসে যে ভাড়া চাইছে তাতে আমাদের মতো গরিব মানুষের পক্ষে ঢাকা যাওয়া অসম্ভব হয়ে পড়েছে, এ যেন মগের মুল্লুক।’
স্থানীয় যাত্রী রমজান, সোহেল হোসেনের মতো অনেকের অভিযোগ, পাটুরিয়া-আরিচা হয়ে নিয়মিত ঢাকায় যাওয়া বাসগুলো স্থানীয় যাত্রী না তুলে কেবল দূরের যাত্রী তুলছে, ফলে নিরুপায় হয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে ফিরছেন।
এদিকে পাটুরিয়া বাস টার্মিনালে পার্কিং চার্জের নামেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে প্রতিটি বাস থেকে ১০০-১৫০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে।
তবে ইজারাদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বেশি নেওয়া হচ্ছে না। নিয়ম মেনেই রসিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে।’
এ দিকে যাত্রী ভোগান্তি ও বাড়তি ভাড়া রোধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ‘আমরা বাড়তি ভাড়ার ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নিয়মিত তদারকি করছি এবং আজকেও একটি গাড়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরও চারটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী বলেন, অতিরিক্ত যাত্রীর চাপে কিছু পরিবহন বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।

ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে
ঈদ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলেও ডিলার ও পাম্প পর্যায়ে ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এ কারণে এবার ঈদের আগে-পরে যানবাহনে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে দাবি এই খাতসংশ্লিষ্টদের।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কোপানোর পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযোগ নেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কৃষক লীগ নেতা মারা গেছেন।
৫ ঘণ্টা আগে