বুলবুল চৌধুরী ছিলেন একজন নিভৃতচারী, কিন্তু প্রতিভাধর কথাশিল্পী। তাঁর গল্প বলার ধরন ছিল স্বতন্ত্র। তাঁর অধিকাংশ লেখায় উঠে এসেছে গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ।
বুলবুল চৌধুরীর জন্ম ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে। তবে বেড়ে ওঠা পুরান ঢাকায়। পড়াশোনা করেছেন জুবিলী স্কুল ও জগন্নাথ কলেজে। ভাওয়াল গড়ের মাটির গন্ধ, খাল-বিল-জলাশয়ের মাছ আর অসংখ্য জলচর পাখি, ফসলের মাঠে ঘর্মাক্ত কৃষক আবার শৈশব-কৈশোরের মায়াবী আলোয় দেখা পুরান ঢাকা—কোনো কিছুই তাঁর চোখের আড়াল হয়নি। অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা নিয়ে তিনি লিখে গেছেন একের পর এক গল্প-উপন্যাস।
পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কোথাও স্থির হতে পারেননি। অসংখ্য চাকরির জায়গা বদলেছেন। সিনেমার পরিচালক হওয়ার স্বপ্ন ছিল তাঁর, তা আর হয়ে ওঠেনি।
তিনি প্রথম জীবনে চিত্রপরিচালক হতে চেয়েছিলেন বলে এফডিসিতে ঘোরাঘুরি করতেন। ১৯৬৪ সালের দিকে ঢাকায় ‘জোনাকি’, ‘ঝিনুক’ ও ‘চিত্রকল্প’ নামে তিনটি সিনে ম্যাগাজিন প্রকাশিত হতো। তিনি ‘জোনাকি’র চিত্র সাংবাদিক ছিলেন। তাঁর বন্ধু ছিলেন কায়েস আহমেদ, কবি আবুল হাসান, নির্মলেন্দু গুণ, অভিনেতা হুমায়ুন ফরীদি, হরিপদ দত্তসহ আরও অনেকে। মূলত কায়েস আহমেদের অনুপ্রেরণায় তিনি লেখালেখির জগতে আসেন।
প্রথম গল্পগ্রন্থ ‘টুকা কাহিনী’ প্রকাশের পরই তিনি তুমুল আলোচনায় আসেন। এরপর প্রকাশিত হয় ‘পরমানুষ’, ‘মাছের রাত’, ‘চৈতার বউ গো’ ইত্যাদি। উপন্যাসের মধ্যে রয়েছে ‘অপরূপ বিল ঝিল নদী’, ‘তিয়াসের লেখন’, ‘অচিনে আঁচড়ি’, ‘মরম বাখানি’, ‘এই ঘরে লক্ষ্মী থাকে’, ‘ইতু বৌদির ঘর’ ইত্যাদি। এ ছাড়া প্রকাশিত হয়েছে আত্মজৈবনিক গ্রন্থ ‘জীবনের আঁকিবুঁকি’, ‘অতলের কথকতা’।
দেশের প্রখ্যাত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ যাপিত জীবনের এই কথাকারকে নিয়ে লিখেছেন উপন্যাস ‘আমার একজন মানুষ’।
বুলবুল চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২১ সালের ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন।

স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
২ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
৪ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
৯ দিন আগে
২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
১০ দিন আগে