
ছবি তোলা নেশা থেকে পেশায় পরিণত হয়েছে, আমাদের দেশে এমন গল্প নতুন কিছু নয়। তবে কিছু গল্প থাকে খানিক অন্য রকম। চট্টগ্রামের চকবাজারের মেয়ে ফারহানা ইয়াসমিন পুষ্পিতার গল্পটা তেমনই। তাঁর লেন্সে ধরা পড়ে নতুন জীবনের গল্প, ভালোবাসা আর মানুষের ছোট ছোট অনুভবের গভীর রং।
পুষ্পিতা পড়াশোনা করছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগ, পঞ্চম সেমিস্টারে। তবে পড়াশোনার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন ইনফোকাস নামের নিজস্ব একটি ফটোগ্রাফি প্ল্যাটফর্ম। চট্টগ্রামে খ্যাতি পেয়েছেন ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে। গত এক বছরে তুলেছেন ৭১টি বিয়ের অসংখ্য ছবি।
ভিন্ন এক অনুপ্রেরণার গল্প
পুষ্পিতার ফটোগ্রাফার হয়ে ওঠার পেছনে রয়েছে দারুণ এক গল্প। তাঁর বিয়ে হয় প্রকৌশলী ও ফটোগ্রাফার আম্ফি কবিরের সঙ্গে। পুষ্পিতা তাঁর কাছেই শেখেন ক্যামেরার কারিগরি দিক, কম্পোজিশন ও আলোর খেলা। পুষ্পিতার মা চিকিৎসক। অথচ তাঁর মায়ের নিজের পথচলা শুরু হয়েছিল অনেকটাই ব্যতিক্রমভাবে। দশম শ্রেণিতে পড়াকালে বিয়ে হয় তাঁর। এরপর স্বামীর উৎসাহে চালিয়ে যান পড়াশোনা এবং একসময় হয়ে ওঠেন চিকিৎসক। পুষ্পিতার এই মা-ই তাঁর বড় অনুপ্রেরণা। পুষ্পিতা বলেন, ‘আম্মু সব সময় বলে, পেশা বড় নয়, মেয়ে হিসেবে নিজের পায়ে দাঁড়ানো গুরুত্বপূর্ণ।’ চিকিৎসক মা, ব্যাংকার বাবা আর প্রকৌশলী ও ফটোগ্রাফার স্বামী—এই তিনজনের সমর্থনেই তিনি সাহস করে পা রেখেছেন ওয়েডিং ফটোগ্রাফির দুনিয়ায়।

বাধা এখনো রয়ে গেছে
ওয়েডিং ফটোগ্রাফি বা বিয়ের ছবি তোলা মানেই অনেক রাত জাগা, বাইরে থাকা। নারী ফটোগ্রাফারদের সেখানেই বড় চ্যালেঞ্জ নিতে হয়। পুষ্পিতা নিজের টিমে নারীদের যুক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু পরিবার বা সমাজের ভয়ে তাঁরা নিয়মিত কাজ করতে পারেননি। পুষ্পিতা জানান, অনেকে দারুণ ছবি তোলে। কিন্তু রাতের কাজ শুনে অভিভাবকেরা না করে দেন।
বাড়ছে নারী ফটোগ্রাফারের চাহিদা
নারী ফটোগ্রাফার হিসেবে পুষ্পিতা অনেক সময় দেখেছেন, কনেদের পক্ষে পুরুষ ফটোগ্রাফারের সামনে স্বচ্ছন্দে দাঁড়ানোর বিষয়টি কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নারী ফটোগ্রাফারদের প্রতি আলাদা আস্থা থাকে ক্লায়েন্টদের। তাই এই পেশায় নারীদের এগিয়ে আসার জায়গা রয়েছে। ‘সবাই বলে, মেয়ে হয়ে এসব কেন? রাতের বেলায় বাইরে কাজ করা যায় না। কিন্তু আমি বলি, জীবনে কিছু করতে হলে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়’—বলছিলেন পুষ্পিতা।
ভবিষ্যতের স্বপ্ন
ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতে চান পুষ্পিতা। তবে ফটোগ্রাফি থাকবে তাঁর সঙ্গী হয়ে। প্রতিটি ক্লিকে, প্রতিটি ফ্রেমে তিনি বাঁধতে চান মানুষের ভালোবাসার গল্প, আবেগ আর জীবনের রং।
পুষ্পিতার গল্প যেন শুধু একজন নারীর পেশা গড়ে তোলার গল্প নয়; বরং একটি পরিবারের, একটি সমাজের এবং একজন মানুষের নিজের ওপর বিশ্বাস রাখার গল্প।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৫ দিন আগে