
মেলায় আসা বেশির ভাগ পাঠকেরই বিশেষ আগ্রহ থাকে নতুন বইয়ের দিকে। পছন্দের লেখক বা বিষয়ের নতুন বের হওয়া বইটি হাতে নিতে উন্মুখ থাকেন তাঁরা। তাই ছাপা আর বাঁধাইয়ের পরপরই স্টলে স্টলে কমবেশি নতুন বইয়ের পসরা সাজিয়ে তোলেন প্রকাশকেরা। মেলার সময় তাই প্রেসের কাজেও চলে সময়ের সঙ্গে যুদ্ধ।

বইমেলার দ্বিতীয় দিনই পড়েছে শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন থাকায় দিনের প্রথম দিকে মেলায় ছিল ‘শিশুপ্রহর’। তাই গতকাল সকাল থেকে আসতে শুরু করে শিশুরা। তারা বই কেনার পাশাপাশি পুতুলনাচ দেখেছে, নানাভাবে আনন্দ করেছে।

চারদিকে ছড়িয়ে রাখা স্টল বানানোর সামগ্রী। কর্মীরা কাজ করছেন। হাতুড়ির ঠকঠক আওয়াজ। পাশ দিয়ে একটা অটোভ্যান মালপত্র নিয়ে মেলার মধ্যে ঢুকে গেল। কার্টনে ভরা বই আসছে। কাজ শেষ হওয়া স্টলগুলোয় বই সাজিয়ে রাখছেন বিক্রয়কর্মীরা। তবে সিংহভাগ স্টলেরই এখনো নির্মাণকাজ চলছে।

বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন। উদ্বোধন শেষে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।