Ajker Patrika

বিশ্বকাপের মাঝপথে ভিসা নিয়ে ইরানের নতুন দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের মাঝপথে ভিসা নিয়ে ইরানের নতুন দুশ্চিন্তা
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষ হতেই ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন ইরানের উইঙ্গার মেহদি তোরাবি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পাওয়া তাঁর সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান। ওই ম্যাচ খেলতে দলটির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন তোরাবি। তবে অন্য খেলোয়াড়দের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা না পেয়ে তিনি পেয়েছিলেন কেবল একবার প্রবেশের অনুমতি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে জাতীয় দলের লস অ্যাঞ্জেলেস সফর এবং ম্যাচটি শেষ হওয়ার পর তোরাবির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।’

এই পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। আইআরএনএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘তোরাবি যেন জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোতে অংশ নিতে পারেন, সে জন্য তার নতুন ভিসা পাওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।’

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রতিনিধি দলের একাধিক সদস্য ভিসা সমস্যায় পড়েছেন। এর আগে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন, তাদের প্রতিনিধি দলের প্রায় ১৫ সদস্যকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প ইতোমধ্যে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান। ফলে গ্রুপ পর্বে ম্যাচ খেলতে দলটিকে বারবার যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে। যদিও তোরাবি যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পেরেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আইআরএনএ। তবে সংস্থাটি জানিয়েছে, নিউজিল্যান্ড ম্যাচের পর মেক্সিকোগামী বিমানে জাতীয় দলের সব সদস্যই ছিলেন।

এদিকে আইআরএনএর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়ার সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ইরান অধিনায়ক মেহদি তারেমি এবং দলের এক স্টাফ সদস্যও কিছু জটিলতার মুখোমুখি হন। ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ইরান। ম্যাচটি হবে লস অ্যাঞ্জেলেসে। এরপর ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত