
প্রথমার্ধেই বাংলাদেশের জালে চার গোল অস্ট্রেলিয়ার। বাংলাদেশের প্রতিরোধ আর লড়াইয়ের ইচ্ছা সব শেষ প্রথম ৪৫ মিনিটেই। পরের ৪৫ মিনিট লড়াইটা ছিল যতটা সম্ভব গোলের ব্যবধানটাকে কম রাখা।
২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে ২৭ তম স্থানে অস্ট্রেলিয়ার সঙ্গে অসম লড়াইয়ে যথারীতি বিধ্বস্ত ১৮৩ তম স্থানে থাকা বাংলাদেশ। ব্রাজিলের বিখ্যাত সেই হারের সঙ্গে মিলিয়ে বাংলাদেশেরও ‘সেভেন আপ’ হয়ে গেল মেলবোর্নে। প্রথমার্ধের চার গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে জামাল ভূঁইয়ারা ম্যাচটা হেরেছেন ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
আট বছর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ছিলেন টিম কাহিলের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বিশ্বমানের খেলোয়াড়। কাতার বিশ্বকাপের পর থেকে নতুনদের নিয়ে নতুন করে শুরু করা অস্ট্রেলিয়া যেন আরও দুর্বোধ্য জামালদের কাছে। উড়ন্ত বলে বাংলাদেশের ফুটবলারদের দুর্বলতাকে কাজে লাগিয়ে হেসেখেলেই গোল করেছে দীর্ঘদেহী অস্ট্রেলিয়ানরা, বিশ্বমানের হাইপ্রেসিং তো ছিলই। প্রতিপক্ষের পায়ে বল গেলে উদ্ধার তো হয়নি, নিজেরাও বল বেশিক্ষণ পায়ে রাখতে পারেননি জামালরা। পুরো ম্যাচে মাত্র ৩০ শতাংশ সময় বল পায়ে রেখেছে বাংলাদেশ, বল পায়ে যাওয়া মাত্রই হারিয়েছেও দ্রুতই। এই এক অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে যেন বিশ্ব ফুটবলের মানের সঙ্গে নিজেদের ফুটবলের মান টের পেল হাভিয়ের কাবরেরার দল।
বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৫০ বছর পূর্তি পালন করেছে অস্ট্রেলিয়া। অ্যামি পার্কে তাই সাবেক সকারু ফুটবলারদের ভিড়। কোচ হিসেবে নিজেও মাইলফলক গড়েছেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড নিজেও। সকারুদের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড এখন তার। সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক অস্ট্রেলিয়া।
রেকর্ডের দিনে গুরুকে বড় জয় উপহার দেওয়ার মিশনে শুরুতেই সফল স্বাগতিকেরা। ফুরফুরে মন নিয়েই ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশকে প্রথম গোলটা দিয়েছে অস্ট্রেলিয়া। ক্রেগ গুডউইনের ফ্রি কিক থেকে আলতো করে হেড নিলেন হ্যারি সাউটার। বল তাঁর মাথা ছুঁয়ে কোনাকুনিভাবে ঢুকে গেল পোস্টে। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা, সাউটারের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার তারিক কাজীর কিছুই করার ছিল না।
গোল হজম করে বাংলাদেশ কিছুটা চেষ্টা করেছিল কাউন্টার অ্যাটাকে ভড়কে দেওয়ার। লাভ হয়নি। রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা ডি-বক্সেই আটকে গেছেন বারবার। এর মাঝে ২০ মিনিটে দ্বিতীয় গোল সকারুদের। ডান প্রান্ত থেকে কনর ম্যাটকাফের ক্রসে ভলিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ব্র্যান্ডন বোরেল্লো।
প্রথমার্ধেই গোলের হালি পূর্ণ করে অস্ট্রেলিয়া। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল মিচেল ডিউকের। ৩৭ মিনিটে কনর ম্যাটকাফের বাতাসে ভাসানো পাস থেকে হেডে সহজেই মিতুলকে হার মানান ডিউক। ৪০ মিনিটে বোরেল্লোর শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে শট নিয়ে জালে জড়ান অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড।
হ্যাটট্রিকের সুযোগ থাকার পরও ডিউককে উঠিয়ে ফরোয়ার্ড জেমি ম্যাকলারেনকে নামান অস্ট্রেলিয়ান কোচ। সেই ম্যাকলারেন মাঠে নেমেই ৪৮ মিনিটে পেলেন গোল। করলেন হ্যাটট্রিকও। জর্ডান বসের ক্রস থেকে প্রথম গোল ম্যাকলারেনের। ৭০ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিতুলকে ফাঁকি দিয়ে করলেন দ্বিতীয় গোল। ৮৪ মিনিটে বদলি ডিফেন্ডার শাকিল হোসেনকে ফাঁকি দিয়ে তুলে নিলেন হ্যাটট্রিকও।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে