Ajker Patrika

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড না করে দিলেও আয়ারল্যান্ডকে পাশে পাচ্ছে আফগানরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৬: ৫৪
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড না করে দিলেও আয়ারল্যান্ডকে পাশে পাচ্ছে আফগানরা
আগস্টে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান-আয়ারল্যান্ড। ছবি: ক্রিকইনফো

ক্রিকেট বিশ্বে অন্যতম এক সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে আফগানিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ তকমা আফগানরা পেয়ে গেছে আগেই। কিন্তু টেস্ট মর্যাদা পাওয়ার ৯ বছর পেরিয়ে গেলেও তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে আফগানরা দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ তেমন একটা পায় না বললেই চলে।

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের শাসনক্ষমতায় বসার পর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে একবার আফগানদের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়াই সিরিজ বাতিল করেছে। তাদের দেখাদেখি ইংল্যান্ডসহ বেশ কিছু দল আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ হয় বাতিল করেছে অথবা আয়োজন করা থেকে বিরত থেকেছে। এবার সেই আফগানদের আতিথেয়তা দেবে আয়ারল্যান্ড।

ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) গতকাল নিজেদের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে। যার মধ্যে আছে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের পাঁচ ওয়ানডে। সিআইয়ের প্রধান নির্বাহী সারা কিন বলেন, ‘আয়ারল্যান্ড এ বছর বেলফাস্টে আফগানিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনে যে আর্থিক বা আইনি কারণ আছে, আসলে ব্যাপারটা সেরকম নয়। ক্রিকেট আয়ারল্যান্ডেরই সিদ্ধান্ত এটা। বোর্ডের সামগ্রিক স্বার্থে এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেছে তারা।’

আফগানিস্তানের ছেলেদের পাশাপাশি দেশটির নারী ক্রিকেট দলকেও আতিথেয়তা দেবে আয়ারল্যান্ড। যদিও নারীদের সিরিজের সূচি এখনো প্রকাশিত হয়নি। সিআইয়ের প্রধান নির্বাহী কিন বলেন, ‘আমরা শুধু আফগান ছেলেদেরই আমন্ত্রণ করিনি। আফগান নারী দলকেও এখানে আসার আমন্ত্রণ জানিয়েছি। সূচি নিয়ে (আফগানিস্তান-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সূচি) আলাপ-আলোচনা চলছে।’

হোম সিরিজে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল এবার আট ম্যাচ খেলবে। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডের পাশাপাশি ভারতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। আর নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে মে মাসে। ছেলেদের চেয়ে তাদের মেয়েদের ম্যাচ সংখ্যা বেশি। মে-জুনে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সেখানে লিগ পর্বে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাইয়ে তিন ওয়ানডে খেলবেন আয়ারল্যান্ডের মেয়েরা। সেপ্টেম্বরে ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সিরিজেও রয়েছে তিন ওয়ানডে।

ঘরের মাঠে সিরিজের পাশাপাশি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠাসা সূচি থাকলেও আফগানিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখছে আয়ারল্যান্ড। সিআইয়ের প্রধান নির্বাহী বলেন, ‘এ বছরের জন্য সময়সূচি একটি সমস্যা হতে পারে। তবে এ খুবই গুরুত্বপূর্ণ যে তারা যেন আলোচনার বাইরে চলে না যায়। কারণ আপনি যদি খেলতে না চান এবং বিষয়টি নিয়ে কথা না বলেন, তাহলে তারা আলোচনায়ই থাকবে না। আমাদের নিশ্চিত করতে হবে যে আফগান নারী দলের দুর্দশা নিয়ে যেন সব সময় কথাবার্তা হয়। তাদের সমর্থন প্রয়োজন এবং আইসিসি ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে তাদের সহায়তার জন্য একটি তহবিল গঠনের কাজ এরই মধ্যে হয়েছে।’

আফগানিস্তানের বিপক্ষে এখনো কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়া ২০১২ সালে আফগানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেললেও সেবার ছিল কেবল এক ওয়ানডে। এই অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। আফগানদের ইতিহাসে কোনো আইসিসি ইভেন্টে এটাই প্রথম কোনো সেমিফাইনাল। আর ইংল্যান্ডকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে হারিয়েছে আফগানরা।

তুলনামূলক শক্তিশালী দল বলতে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৪ সালে একবারই দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে আফগানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান, যা বলছেন চীনা সমরবিদ

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত