Ajker Patrika

বুমরার মতো বোলার যুগে একবারই আসে: মাশরাফি

ক্রীড়া ডেস্ক    
বুমরার মতো বোলার যুগে একবারই আসে: মাশরাফি
জসপ্রীত বুমরার জাদুকরী বোলিংয়ে মুগ্ধ মাশরাফি বিন মর্তুজা। ছবি: সংগৃহীত

রান আটকাতে হবে—জসপ্রীত বুমরাকে ডাকুন। উইকেটের দরকার। এবারও বুমরাকে ডাকুন। দলের যখন প্রয়োজন, তখনই ত্রাতারূপে আবির্ভূত হন এই বোলার। চাপের মুহূর্তে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, সেটা তিনি ভালো জানেন। ডেথ ওভারে ব্যাটারদের দিকে ছোড়েন বিষাক্ত মৃত্যুবাণ। ভারতীয় এই তারকা পেসার রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাতে ভারত-ইংল্যান্ড রানবন্যার সেমিফাইনালের শেষ তিন ওভারের দিকে তাকালেই বোঝা যাবে বুমরার মহিমা। ৩ ওভারে যখন ৪৫ রান দরকার, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বল তুলে দেন বুমরার হাতে। ১৮তম ওভারের প্রথম বলটাতে স্যাম কারানকে এমনভাবে বুমরা ইয়র্কার দিলেন যে কারান রান নেওয়ার সুযোগই পেলেন না। সেই ওভার থেকে ভারতীয় তারকা পেসার মাত্র ৬ রান দিলে ২ ওভারে ৩৯ রানের সমীকরণ আর মেলাতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৭ রানে জিতে ফাইনালের টিকিট কাটে ভারত।

বুমরার গত রাতে ডেথ ওভারের বোলিংয়ে রীতিমতো মুগ্ধ মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়কের মতে রানবন্যার ম্যাচে ব্যাটারদের চাপে রাখার মতো এমন বোলার খুঁজে পাওয়া দুষ্কর। নিজের ফেসবুক আইডিতে মাশরাফি লিখেছেন, ‘জসপ্রীত বুমরা। তুমি তেল ছাড়া রান্না কীভাবে করতে হয়, সেটা দেখিয়েছ। কী বোলার তুমি। প্রত্যেক যুগে একবারই আসে।’

টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত যে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করেছে, সেটা ইংল্যান্ডের পিচ্ছিল ফিল্ডিংয়ের কারণেই হয়েছে। ব্যক্তিগত ১৫ রানে একবার জীবন পেয়েছেন সঞ্জু স্যামসন। জফরা আর্চারের বলে মিড অনে ক্যাচ মিস করেন হ্যারি ব্রুক। ৪৩ বলে ৮ চার ও ৭ ছক্কায় করেছেন ৮৯ রান। ভারতের ৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন স্যামসন।

স্যামসনের মতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা বুমরার পাওয়া উচিত। কারণ, বুমরার শেষ ওভারের বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরা বলেন, ‘সব কৃতিত্ব বুমরারই প্রাপ্য। আমার মনে হয় তিনি একজন বিশ্বমানের বোলার। প্রত্যেক প্রজন্মে এমন ক্রিকেটার সত্যিকার অর্থে একবারই জন্মায়। আজ সে সেটা প্রমাণ করেছে। আসলে এই পুরস্কারটা তারই পাওয়া উচিত। ডেথ ওভারে এমন বোলিং করতে না পারলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না।’

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ভারত নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। আর নিউজিল্যান্ড নামবে প্রথমবার শিরোপা জিততে। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠলেও নিউজিল্যান্ড রানার্সআপ হয়েছিল। সেবার তাদের হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত