Ajker Patrika

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭: ৩৭
আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।

আইসিসিকে চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা আরও পরিষ্কার করে আমাদের সিকিউরিটি কনসার্নের এরিয়াগুলো তাদের জানিয়েছি। এখন ওদের কাছ থেকে আমরা উত্তর আশা করছি। ওরা তো একটা নিয়মের মধ্যে চলে। নিয়মের মধ্যেই ওরা দেখবে। আমাদের অনুরোধ, আবেদন ন্যায্য বা আইনসংগত। আশা করি, সে অনুযায়ী তারা তাদের পদক্ষেপ নেবে।’

বাংলাদেশ-ভারতের শীতল কূটনৈতিক সম্পর্কের এই সময়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি ভারতে দল না পাঠাতে অনড় অবস্থান নিয়েছে। আজ আরেক খবর, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এ ঘটনার পাল্টা হিসেবে ভারতও যদি নতুন কোনো ঘোষণা দেয়, তাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে যাবে।

বিসিবির পাঠানো চিঠিতে শুধু দল বা খেলোয়াড়দের নিরাপত্তার কথা বলা হয়নি, সেখানে বাংলাদেশ থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড কেন পৃথিবীর যেকোনো আয়োজকের পক্ষে বড় কোনো টুর্নামেন্ট দেখার উদ্দেশে আসা সফরকারী প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ও জটিল একটি বিষয়। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি এই জটিলতা কিংবা দায়বদ্ধতা থেকে নিজেদের মুক্ত রাখতে হাইব্রিড মডেলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ দিয়ে দিতে পারে। সেটি হলে ভারতীয় সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে, তাদের ক্ষমতাসীন দলের ‘পরাজয়’ হিসেবে দেখাতে পারে বিরোধীরা। এ ক্ষেত্রে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি বিসিবির সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে যথেষ্ট চিন্তাভাবনাই করবে কিংবা প্রত্যাখ্যান করাও অস্বাভাবিক নয়।

তবে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারত আরও চিন্তাভাবনা করে। আজ তিনি জিয়া আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত নিতাম ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, বিষয়টি একটু ক্রিটিক্যাল। হঠাৎ করে একটা মন্তব্য করা নয়। সবাইকে একসঙ্গে মিলে অনেক সময় সংলাপের মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে—সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত