
পৃথিবীর কক্ষপথে টানা ৫৩ বছর আটকে থাকার পর অবশেষে ভূপাতিত হলো সোভিয়েত আমলের একটি ব্যর্থ মহাকাশযান। শনিবার সকাল ৯টা ২৪ মিনিটে (মস্কো সময়) এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ইন্দোনেশিয়ার জাকার্তার পশ্চিমে ভারত মহাসাগরে ভূপাতিত হয় বলে নিশ্চিত করেছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। তবে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থা ও পর্যবেক্ষকদের মতে, এটি দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব প্রশান্ত মহাসাগরের মধ্যে যেকোনো জায়গায় পড়ে থাকতে পারে। এখন পর্যন্ত নির্দিষ্টভাবে এর আছড়ে পড়ার স্থান চূড়ান্তভাবে জানা যায়নি।
সোভিয়েত ইউনিয়নের ‘ভেনেরা’ কর্মসূচির অধীনে ১৯৭২ সালে উৎক্ষেপণ করা ‘কসমস ৪৮২’ নামের এই মহাকাশযান। এর গন্তব্য ছিল শুক্র গ্রহ। তবে উৎক্ষেপণের সময় রকেটে ত্রুটি দেখা দেওয়ায় সেটি নির্ধারিত পথে যেতে পারেনি এবং পৃথিবীর কক্ষপথেই আটকে পড়ে।
উপগ্রহটির আছড়ে পড়ার আগমুহূর্তে ইতালির রোম থেকে একটি ছবি তুলেছেন ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্টের জ্যোতির্বিজ্ঞানী জিয়ানলুকা মাসি। তিনি তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘ছবিতে মহাকাশযানটি ওপরের দিক থেকে ফ্রেমে প্রবেশ করে। এটি একটি রেখার মতো দেখা যাচ্ছে, যা ওপরের দিক থেকে ডানে নিচের দিকে নেমে গেছে। এটি আসলে চারটি ছবির সমন্বয়, তাই রেখাটি খানিকটা খণ্ডিত দেখাচ্ছে।’
সোভিয়েত মহাকাশযানটি পৃথিবীতে আছড়ে পড়ার কথা ছিল না। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের ‘ভেনেরা’ প্রকল্পের অংশ, যার আওতায় ১৯৬০-এর দশক থেকে শুরু করে ১৯৭০ ও ১৯৮০-এর শুরুর দিকে শুক্র গ্রহের দিকে একাধিক মহাকাশযান পাঠানো হয়।
পৃথিবীর কক্ষপথে আটকে থাকা ‘কসমস ৪৮২’ মহাকাশযানটি দীর্ঘ ৫৩ বছর ধরে বায়ুমণ্ডলের টানে ধীরে ধীরে নিচে নামতে থাকে। বেশির ভাগ বড় মহাকাশ বর্জ্য—যেমন অকেজো উপগ্রহ বা ব্যবহৃত রকেটের অংশ—পৃথিবীতে ফিরে আসার সময় বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায় এবং কৃত্রিম উল্কাবৃষ্টির মতো দৃশ্য তৈরি করে। তবে কসমস ৪৮২ সম্ভবত পুরো অংশই নিচে নেমে এসেছে, কারণ এটি এমনভাবে তৈরি ছিল, যাতে শুক্রের ঘন বায়ুমণ্ডলে উচ্চগতির প্রবেশও সহ্য করতে পারে।
কসমস ৪৮২ প্রায় ১ মিটার প্রশস্ত এবং ওজন প্রায় ৪৯৫ কেজি। এটি যদি পুরোপুরি পুড়ে না গিয়ে এক টুকরো হিসেবে পড়ে থাকে, তবে সেটি প্রায় ২৪০ কিলোমিটার গতিতে পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে থাকতে পারে। ডাচ স্যাটেলাইট পর্যবেক্ষক মার্কো ল্যাংব্রুক জানান, এর ধাক্কা একটি ১৬–২২ ইঞ্চি আকারের উল্কাপিণ্ডের মতো হতে পারে।
এ ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে মহাকাশ বর্জ্য সমস্যার প্রসঙ্গ। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর কক্ষপথে ১৪ হাজার ২৪০টি স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে প্রায় ১১ হাজার ৪০০টি সক্রিয়। এর বড় অংশ জুড়ে আছে স্পেসএক্সের স্টারলিংক মেগাকনস্টেলেশন।
এ ছাড়াও অ্যামাজনের ‘প্রজেক্ট কুইপার’ এবং চীনের দুটি মেগাকনস্টেলেশন প্রকল্প কক্ষপথে আরও হাজার হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে।
ইএসএ জানায়, ‘মহাকাশে যান চলাচল যত বাড়ছে, পৃথিবীতে এগুলো আছড়ে পড়ার সম্ভাবনার হার ততই বাড়ছে। এর ফলে ভবিষ্যতে পৃথিবীতে আছড়ে পড়া মহাকাশ বর্জ্যের সংখ্যা আরও বাড়বে।’
তবে সাধারণ এসব স্যাটেলাইট পৃথিবীতে আছড়ে পড়ে মানুষের ক্ষতি করার সম্ভাবনা কম। কারণ, বেশির ভাগ স্যাটেলাইট বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই পুড়ে ছাই হয়ে যায়। তবে সংখ্যা বাড়লে ঝুঁকির মাত্রাও বাড়তে পারে বলে মনে করছেন গবেষকেরা। পাশাপাশি, এসব পুনঃপ্রবেশ বায়ুমণ্ডলে দূষণ ছড়ায় এবং ওজোনস্তর ও জলবায়ুর ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞেরা।
তথ্যসূত্র: স্পেসডট কম

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
৯ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে