ঢাকা-১৩ আসন

মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে। ডাব বিক্রেতা আতাহার হোসেন বলেন, ‘দুই দলে (জামায়াত-বিএনপি) এবার হাড্ডাহাড্ডি লড়াই হইব। তয় বিএনপি ক্ষমতায় যাইব।’
আতাহারের বন্ধু ক্ষুদ্র ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেখছি। এবার অন্য কিছু। ক্ষমতায় আইতে পারে নাই, তার আগেই চাঁদাবাজি শুরু হইয়া গেছে। আমার কাছেই টাকা চাইছে। উন্নয়ন তো করবই। হাসিনা উন্নয়ন করছে না? কিন্তু গুম কইরা, খুন কইরা, হয়রানি করব এইডা মানুষ আর চায় না।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮-৩৪ ওয়ার্ড মিলে ঢাকা-১৩ আসন। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কিছু অংশ নিয়ে এই আসন। এটিতে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং ৮ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, বিএনপির ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা।
গত শুক্র ও শনিবার ওই এলাকায় গিয়ে চায়ের আড্ডা, ছোট ছোট জটলায় নির্বাচন নিয়ে অল্পস্বল্প আলাপ করতে দেখা গেছে। শ্যামলী রিং রোডে অফিসের ফাঁকে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন তরুণ। চায়ের আড্ডায় তাঁদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন এবং এলাকার সমস্যা নিয়ে। তাঁদের মতামত, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি দূর করা হবে এই অঞ্চলের প্রথম কাজ। সড়কে নিরাপত্তার বিষয়টি নিয়েও বললেন একজন। তাঁর মতে, অনেক চাওয়ার কিছু নেই। বাসা থেকে বের হয়ে যেন আবার নিরাপদে ঘরে ফিরতে পারেন, সেটাই চাওয়া।
এই আসনে বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে। তার মধ্যে জামিয়া রহমানিয়া আরাবিয়া, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার নাম উল্লেখযোগ্য। ভোটে ধর্মীয় প্রভাব কাজ করবে বলে মনে করেন অনেকে। মো. আরিফ বিল্লাহ একটি কওমি মাদ্রাসায় পড়েন। তিনি বলেন, এবার সরকার হয়তো বিএনপি গঠন করবে। তবে যেসব জায়গায় ইসলামি ভাবধারার প্রার্থীরা আছেন, তাঁদের সমর্থন বাড়বে। শেখ হাসিনা আলেমদের ওপরে অনেক অত্যাচার করেছেন। বিএনপিও আওয়ামী লীগের থেকে কম না। এখানে বেশ কয়েকটি মাদ্রাসা আছে। তারা চাইবে, আলেমরাই ক্ষমতায় যাক।
তবে নির্বাচন না হওয়ার আশঙ্কাও আছে কারও কারও। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা বলেন, নির্বাচনী আমেজ আসবে কোথা থেকে? নির্বাচন কী হবে? ভেতরে-ভেতরে যে কত কিছু চলে? তার অনেক কিছুই জানা যায় না।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁরা ভিডিও বক্তব্য প্রচার করেছেন। একটি ভিডিওতে মো. মামুনুল হক বলেছেন, ‘৪০ বছর ধরে মোহাম্মদপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক। মোহাম্মদপুরের বিশাল অঞ্চল আমার চোখের সামনে গড়ে উঠেছে। এখানে আমার শিক্ষাদীক্ষা। এখানেই আমার কর্মজীবন। এখানেই আমার আবাসস্থল, সবকিছু। এখানে ২৪ ঘণ্টাই আমাকে পাবেন। জাতীয় রাজনীতিতে আমার একটা ভূমিকা রাখার সুযোগ থাকায় মোহাম্মদপুরে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ চাঁদা চাওয়ার আগে একবারের জায়গায় দশবার ভাববে।’
একইভাবে মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনে ঐক্যবদ্ধ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে একাত্মতা জানিয়ে ববি হাজ্জাজ এক ভিডিওতে জানান, কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসা, চাঁদাবাজ, ভূমিদস্যু—এদের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ। তিনি মাদক ও সন্ত্রাস দমনে এলাকাবাসীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মো. শাহাবুদ্দিন বলেন, স্থানীয় মানুষ যাঁরা, তাঁরাই শুধু এই এলাকার সমস্যা বুঝতে পারবেন। কেউ যদি গুলশানে থাকেন, আর মোহাম্মদপুরের সমস্যা সমাধান করতে চান, তা কি বাস্তবসম্মত হয়? তিনি এলাকার সমস্যাগুলো বের করে সেগুলো দূর করার চেষ্টা করবেন।
মো. শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, ঢাকা-১৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড (প্রতিযোগিতার সমান সুযোগ) একেবারেই নেই। বড় দলের প্রার্থীকে আলাদা সুবিধা দেওয়া হচ্ছে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
১৬ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৪ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে