Ajker Patrika

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন সিপিবির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। বিক্ষোভ থেকে নেতারা সোমবার বিকেলে মার্কিন আগ্রাসন ও যুদ্ধের প্রতিবাদে সমাবেশের ঘোষণা দেন। আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন দলটির নেতা-কর্মীরা। পরে পল্টন মোড়, তোপখানা সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। ইরানে নতুন করে এই সামরিক অভিযান একটি মানবতাবিরোধী, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন।

দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, পৃথিবী আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের এক নতুন যুগে প্রবেশ করেছে। এককেন্দ্রিক বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে বিভিন্ন জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারণা অর্থহীন হয়ে পড়েছে।

আবদুল্লাহ ক্বাফী আরও বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তার বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে শর্তহীন মার্কিন আনুগত্যের প্রমাণ দিয়েছে। সদ্য ক্ষমতাসীন বিএনপি সরকারও অল্প সময়ের মধ্যেই মার্কিন সাম্রাজ্যবাদ তোষণ ও তাদের আজ্ঞা পালনে যে নিষ্ঠা প্রদর্শন করেছে, তাতে দেশের মানুষ ইতিমধ্যে ভীতসন্ত্রস্ত।

আগামীকাল (২ মার্চ) সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে মার্কিন আগ্রাসন ও যুদ্ধের প্রতিবাদে সমাবেশ ও মিছিলেরে ঘোষণা দেন দলটির এ নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত