Ajker Patrika

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধী দল হিসেবে আমরা আপনাদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি। তবে এই নিশ্চয়তা সরকারি দলকেও দিতে হবে।

আজ শনিবার রাজধানীর লেডিস ক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ইফতারের আয়োজন। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভ সোজা রাখার ভ্যানগার্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য– আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা, এটা হারিয়ে ফেলেছি গত ১৫ বছর।

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, আপনাদের কাছে অনুরোধ– আপনারা জাতির বিবেক, আপনাদের বিবেক অনুযায়ী চলবেন। আমাদের মৃত্যু একবারই হবে। লড়াই করতে হবে বীরের মতো। মাঝখানে কোনো আপস নাই।

জামায়াত আমির বলেন, আমরা বিরোধী দলে আছি। আমরা চোখ খোলা রাখব। সাংবাদিকদেরও চোখ খোলা রাখতে হবে। আমরা একসঙ্গে লড়াই করে যাব। যদি আপনারা সাংবাদিকেরা ঠিকমতো চলেন, তাহলে রাষ্ট্রের বাকি তিন অঙ্গ সোজা হয়ে চলতে বাধ্য।

গত ফ্যাসিবাদী সরকার সাংবাদিকদের ওপর নানাভাবে নির্যাতন-জুলুম করেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যেসব সাংবাদিক সাদাকে সাদা আর কালোকে কালো বলেছেন, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তারা এটাতে সফল হয়েছিল। তাই আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। কারণ ফ্যাসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারেনি, পারবেও না।

জাতীয় বিষয়ে, জাতীয় স্বার্থে আমরা কারও সঙ্গে আপস করব না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারি দল যদি সে ক্ষেত্রে অনড় থাকে আমরা তাদের পাশে থেকে শক্তি জোগাব। আর যদি তারা এখান থেকে বিচ্যুত হয়, তাদের সোজা করার চেষ্টা করব। না হলে প্রতিরোধ গড়ে তুলব।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত