
দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে দলটির আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যারা মায়েদের গায়ে হাত তুলেছ, তাদের আবারও বলছি, তোমরা ক্ষমা চাও, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন।’
আজ বুধবার রাজধানীর মিরপুরে মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি।
আজ নিজের নির্বাচনী আসন ঢাকা-১৫-এ একাধিক জনসংযোগ-পথসভা ও একটি সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশ ছাড়াও বেলা সাড়ে ১১টায় উত্তর কাফরুল উচ্চবিদ্যালয়ের আশপাশে, বাদ মাগরিব মিরপুর ১৩ নম্বর এলাকায় এবং এশার নামাজের পর মিরপুর-১০ ফলপট্টি মসজিদসংলগ্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন তিনি।
মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে জামায়াত আমির বলেন, ‘পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। যদি কেউ আর হাত বাড়ানোর চেষ্টা করে, তবে আমরা গালে হাত দিয়ে বসে থাকব না, আমরা গর্জে উঠব। উপায় দুইটি, একটি হলো পরিবর্তন হয়ে মায়েদের সম্মান করা আর তা না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা।’
পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘আমরা মায়েদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করব। বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস থাকবে। কর্মক্ষেত্রে বেবি কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে-কেয়ার থাকবে।’
শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা বলেছিলাম, যেসব মা সন্তান লালন-পালন করছেন, তাঁদের জন্য আমরা পাঁচ ঘণ্টা কর্মঘণ্টা করতে চাই, এটা শুনে কিছু লোক হইচই শুরু করল—পাঁচ ঘণ্টা করলে তো মানুষ তাঁদের আর কর্মক্ষেত্রে নেবে না। তারা আমাদের কথা ভালোভাবে না শুনেই লাফালাফি শুরু করে দিল। আমরা বলেছি, বহু মা সন্তান লালন-পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন। এই অবস্থায় কর্মঘণ্টা যদি পাঁচ ঘণ্টা করা হয়, সন্তানদের রাখার জন্য বেবি কেয়ার করা হয়, তাহলে সেই মা তাঁর প্রয়োজন পূরণের জন্য, তাঁর দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানেই থেকে যাচ্ছেন, ঝরে পড়ছেন না।’
এখানে যে গ্যাপ সৃষ্টি হবে, এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘মায়েরাই তো রাষ্ট্রের বুনিয়াদ। তাঁদের বাদ দিয়ে কোনো কিছু কল্পনাই করা যাবে না। তাঁরা আপনার আমার মতো সন্তান লালন-পালন করে বড় করবেন, আবার কাজ করবেন আট ঘণ্টা, এটা কি অবিচার নয়? আমরা কথা দিয়েছি, সমাজে সুবিচার কায়েম করব।’
জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়েছি, সেই নিক্তিতে ওজন করে সকলের পাওনা ঘরে পৌঁছে দিতে চাই।’
কোনো ব্যাক্তি-গোষ্ঠী-পরিবার-দলের বিজয় চাচ্ছি না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ১২ তারিখের এই বিজয় জামায়াতে ইসলামীর না হয়ে ১৮ কোটি মানুষের বিজয় হোক। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটা হবে জামায়াতে ইসলামীর বিজয়।
মহিলা সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৩ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৭ ঘণ্টা আগে