খ্রিষ্টীয় বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায় নতুন বই। সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রতিবছর বিনা মূল্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত বই বিতরণ করে। বইগুলো যে বিনা মূল্যেই বিতরণ করা হয়, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকার কথা নয়। তবু যদি কোনো স্কুল কর্তৃপক্ষ বইয়ের বিনিময়ে নামমাত্র হলেও অর্থ নিয়ে থাকে, তাহলে তা দণ্ডনীয় অপরাধ।
৩ জানুয়ারি আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যার বিষয়বস্তু এমনই। পটুয়াখালীর বাউফল উপজেলায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণে তথাকথিত বিবিধ খরচের নামে অর্থ আদায় করেছেন। এ ব্যাপারে ইতিমধ্যে বাউফলের ইউএনওর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিভাবকেরা বলেছেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হলেও বই দেওয়ার আগে প্রধান শিক্ষক সবুজ খান শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন। যারা সেদিন টাকা দিতে পারেনি, তাদের বই দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।
তবে এই টাকা বইয়ের জন্য নয়, বরং বিবিধ খরচের জন্য বলে অভিভাবকদের শান্ত করেছেন সবুজ খান। কিন্তু এই বিবিধ খরচ কিংবা একাধিক অভিভাবকের অভিযোগের সুস্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি। বরং ঘটনাটিকে অভিহিত করেছেন ‘ব্যক্তিগত কারণ’ বলে। তাহলে কি ধরে নিতে হবে, একাধিক অভিভাবকের সঙ্গে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ‘ব্যক্তিগত কারণ’ বা ‘ব্যক্তিগত বিরোধ’ রয়েছে? কেন একজন শিক্ষকের সঙ্গে অভিভাবকদের ‘বিরোধ’ হয়, তা কিন্তু দুশ্চিন্তার বিষয়। অভিভাবকদের আস্থা অর্জন করতে না পারলে শিক্ষার্থীরাও হয়তো কাউকে শিক্ষক হিসেবে মেনে নিতে না-ও পারে। এমন হলে ব্যাপারটি হবে খুবই দুঃখজনক।
যাহোক, ট্র্যাকে ফিরে বলতে হয় পাঠ্যপুস্তক বিতরণের কথা। এনসিটিবির নীতিমালা অনুযায়ী, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ করতে হবে। কেউ যদি এসব বই বিক্রি করে, তাহলে তা দণ্ডনীয় অপরাধ। প্রায় সময়ই এমন অপরাধের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। স্কুলে পাওয়া না গেলেও অনেক লাইব্রেরিতে অর্থের বিনিময়ে পাঠ্যপুস্তক পাওয়া যায়।
অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই সরবরাহ করতে হিমশিম খায় কর্তৃপক্ষ। কিন্তু লাইব্রেরিতে চড়া দামে অহরহ বই পাওয়া যায় বলে অভিযোগ আছে। আসল বইয়ের পিডিএফ প্রিন্ট করে বই আকারে তৈরি করে তা বাজারে বিক্রি করে কালোবাজারিরা। তাদের দিকেও যে মনোযোগ ব্যয় করতে হবে, তা নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট মহলকে মনে করিয়ে দিতে হবে না। তবে কালোবাজারি কিংবা অসৎ স্কুল কর্তৃপক্ষকে মনে করিয়ে দিতে হয়—পাঠ্যপুস্তকের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে প্রণীত নোটবুক আইনে বলা আছে, পাঠ্যপুস্তক বিক্রি করলে অপরাধী ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো তাঁদের যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে ‘দারিদ্র্য বিমোচনের বড় পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়, যখন তা মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকে।’ তাঁরা ‘পুওর ইকোনমিকস’ গ্রন্থে দেখিয়েছেন—দরিদ্র মানুষের আচরণগত...
২ ঘণ্টা আগে
জাতীয় বাজেট কেবল একটি দেশের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্রের উন্নয়ন-দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। কোন খাতকে রাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে বাজেট বরাদ্দের মাধ্যমে।
২ ঘণ্টা আগে
২০২৬ সালের ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। তাতে মোট আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ইতিহাসের বৃহত্তম বাজেট। এই বিপুল অঙ্কের বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা...
২ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ত্বরিত এই সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো যেতেই পারে।
২ ঘণ্টা আগে