Ajker Patrika

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তিন দিনে ঢাকায় ৭৪ ফ্লাইট বাতিল

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৬, ২২: ০৪
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তিন দিনে ঢাকায় ৭৪ ফ্লাইট বাতিল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।

এদিকে আজ রোববার (১ মার্চ) সন্ধ্যা থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান এবং ইউএস-বাংলা এয়ারলাইনস। ভোগান্তি এড়াতে যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থা দুটি।

বিমানবন্দর সূত্র বলেছে, গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল শুরু হয়। আগামীকাল সোমবার (২ মার্চ) দুপুর পর্যন্ত কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে গতকাল বাতিল হয় ২৩টি, আজ সর্বোচ্চ ৪০টি এবং আগামীকাল দুপুর পর্যন্ত ১১টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক বড় এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত), গালফ এয়ার (বাহরাইন), ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত), এয়ার অ্যারাবিয়ার (সংযুক্ত আরব আমিরাত) একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, গতকাল বাতিল হওয়া ২৩টি ফ্লাইটের মধ্যে বিমানের ১১টি, ইউএস-বাংলার ছয়টি, এয়ার অ্যারাবিয়ার তিনটি এবং এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে ফ্লাইট ছিল। আজ বাতিল হওয়া ৪০টি ফ্লাইটের মধ্যে বিমানের ৯টি, ইউএস-বাংলার চারটি, এয়ার অ্যারাবিয়ার আটটি, এমিরেটসের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের চারটি এবং জাজিরা এয়ারওয়েজ, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, সালামএয়ার ও কুয়েত এয়ারওয়েজের দুটি করে ফ্লাইট রয়েছে।

আগামীকাল দুপুর পর্যন্ত বাতিল হওয়া ১১টি ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের পাঁচটি ও গালফ এয়ারের দুটি ফ্লাইট।

উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি সাংবাদিকদের বলেন, স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামীকালের মধ্যে সবাইকে গন্তব্যে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকার বাইরের যাত্রীদের কথা বিবেচনায় রেখে ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হচ্ছে, যাতে তাঁরা পর্যাপ্ত সময় পান। পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সৌদি আরবগামী বাতিল হওয়া কয়েকটি ফ্লাইটের নতুন সময়সূচি ঘোষণা করেছে বিমান। সংস্থাটি জানিয়েছে, আজ যান্ত্রিক বা অপারেশনাল কারণে বাতিল হওয়া মদিনাগামী ফ্লাইট (বিজি-৩৩৭) আগামীকাল বিকেল ৪টায় ঢাকা ত্যাগ করবে। এ ছাড়া জেদ্দাগামী আরেকটি ফ্লাইট (বিজি-৩৩৫) আগামীকাল সন্ধ্যা ৭টায় যাত্রীদের নিয়ে উড়াল দেবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, আগামীকাল থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাসকাট রুটে তাদের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। তবে যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে।

তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের দোহা রুটে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সংস্থাটি বলেছে, গন্তব্যগুলোয় উড্ডয়ন উপযোগী পরিবেশ তৈরি হলেই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

দোহা–দুবাই–আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে আজ অধিকাংশ গন্তব্যে ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালনা করছে বিমান। তবে দোহা, দুবাই ও আবুধাবি—এই তিন গন্তব্য ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য সব ফ্লাইট নির্ধারিত সময়েই ছেড়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য হটলাইন চালু

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কিছু রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে, যেসব কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে এবং যাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে, তাঁদের সহায়তার জন্য হটলাইন চালু করেছে সরকার।

আজ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে গমনে ইচ্ছুক অনেক কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক হটলাইন চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কর্মী ফ্লাইট বাতিল বা ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাঁরা যেকোনো সময় টোল ফ্রি হটলাইন নম্বর ১৬১৩৫-এ যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাংবাদিকদের বলেন, স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করা হয়েছে, যাতে যাত্রীরা পর্যাপ্ত সময় পান। সিভিল এভিয়েশন চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীকালের মধ্যে স্থগিত ফ্লাইটের অধিকাংশ যাত্রীকে তাঁদের গন্তব্যে পাঠানো সম্ভব হবে। যাত্রীসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্ধারিত সময়ে যেতে না পারা যাত্রীদের দেখভাল, পবিত্র রমজান মাস বিবেচনায় ইফতারের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, পরিণতি কী

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম করা যাবে না, চীনের হুঁশিয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত