
বিডিআর হত্যাকাণ্ড সচক্ষে দেখার কারণে স্বামীকে গুম করে হত্যা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দিতে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।
নিহত নজরুলের স্ত্রী জানান, র্যাবের তৎকালীন গোয়েন্দাপ্রধান জিয়াউল আহসান তাঁর স্বামীকে গুম করে হত্যা করেছেন বলে পরে জানতে পারেন। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত হাত-পা বাঁধা, মাথায় যমটুপি পরানো বিকৃত এক লাশের ছবি দেখে মো. নজরুল ইসলামের লাশ শনাক্ত করেছিলেন তাঁরা। এ সময় স্বামীর লাশ শনাক্ত করা সেই ছবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তিনি তাঁর স্বামীকে গুম ও হত্যার বিচার দাবি করেন।
আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে চলতি বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছিল। এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শুনানির সময় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
নিহতের স্ত্রী জবানবন্দিতে জানান, তিনি বাসায় বাসায় প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর স্বামী মো. নজরুল ইসলাম বিডিআর হাসপাতাল পিলখানায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড দেখে প্রাণের ভয়ে তিনি দেয়াল টপকে বের হয়ে যান। কেরানীগঞ্জে তিনি তাঁর এক আত্মীয়ের বাসায় যান। ২০১০ সালে তাঁর স্বামী গোপালগঞ্জের কোটালীপাড়ায় মধুমতি ক্লিনিকে চাকরি নেন। ওই বছরের ১৫ মার্চ ডিউটিতে গিয়ে আর বাসায় ফেরত আসেননি নজরুল ইসলাম। পরদিন মধুমতি ক্লিনিকে গিয়ে জনৈক রুহুল আমীন শেখের কাছ থেকে জানতে পারেন, কোটালীপাড়া বামতার মোড় এলাকা থেকে সাদা পোশাকে পাঁচ-ছয়জন লোক তাঁর স্বামীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন।
নিহত নজরুলের স্ত্রী বলেন, পরে ১৭ মার্চ কোটালীপাড়া থানায় গিয়ে স্বামীর অপহরণের বিষয়ে মামলা করেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তাঁদের বাড়িতে যেতেন। একদিন ঝালকাঠি থেকে ডিএসবির লোক গিয়ে তাঁর শ্বশুরকে বলেন, নজরুল ইসলামের লাশ বাগেরহাট শরণখোলা বলেশ্বর নদী থেকে পুলিশ উদ্ধার করেছে। শ্বশুর বিষয়টি তাঁর অন্য ছেলেদের জানান। তাঁর দেবর জাহিদুল ইসলাম শাহীন বিডিআরে চাকরি করতেন। তিনি পত্রিকায় তাঁর স্বামীর লাশের ছবি দেখতে পেয়ে তা শনাক্ত করেন। তিনি আত্মীয়স্বজনসহ শরণখোলা থানায় গিয়ে তাঁর স্বামীর পরিধেয় পোশাক শনাক্ত করেন। লাশ ফেরত চাইলে পুলিশ জানায়, আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়েছে। জেলা প্রশাসকের সহায়তায় ডিএনএ পরীক্ষার পর স্বামীর লাশ কবর থেকে তুলে বাড়িতে নিয়ে পুনরায় পারিবারিক কবরস্থানে দাফন করেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে