Ajker Patrika

জ্বালানি সংকটের শঙ্কা: ফিলিং স্টেশনে চালকদের ভিড়

  • বাইকাররা চাচ্ছেন ট্যাংক ভরে তেল নিতে।
  • অনেকে ড্রাম নিয়েও যাচ্ছেন ফিলিং স্টেশনে।
  • জ্বালানি না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক ফিলিং স্টেশন।
  • তেল পাচারের আশঙ্কায় সীমান্তে নজরদারি জোরদার।
আজকের পত্রিকা ডেস্ক­
জ্বালানি সংকটের শঙ্কা: ফিলিং স্টেশনে চালকদের ভিড়
জ্বালানি তেল সংকটের আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন যানবাহনচালকেরা। অনেকে একাধিক পাম্পে ঘুরে ঘুরে ট্যাংক ভর্তি করছেন। গতকাল রাজশাহী শহরের শাহ মখদুম কলেজ এলাকায় লুনা পাম্পে। ছবি: আজকের পত্রিকা

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা যানবাহনের মালিক ও চালকদের। তাই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন তাঁরা। বাইকাররা চাচ্ছেন ট্যাংক ভর্তি করে জ্বালানি নিতে। এতে চাপ বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। জ্বালানি না থাকায় কোনো কোনো ফিলিং স্টেশন এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে। বাকিগুলোতে দেওয়া হচ্ছে অল্প অল্প করে।

দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে। এদিকে জ্বালানি তেল পাচারের আশঙ্কায় সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

রাজশাহীতে ফিলিং স্টেশনে তেল সংকটের বিষয়টি সামনে আসে গত বৃহস্পতিবার সকালে। সেদিন রাজশাহী শহরের ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের চাহিদামতো তেল দেওয়া বন্ধ করে ২০০ থেকে ৫০০ টাকার তেল দেওয়া হয়। গতকাল শুক্রবারও একই অবস্থা দেখা গেছে।

গতকাল সকালেও রাজশাহী নগরের ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের লম্বা সারি দেখা যায়। রুয়েট এলাকায় নয়ান ফিলিং স্টেশনে কথা হয় বাইকার সবুজ আহমেদের সঙ্গে। তিনি জানান, পাম্পে পাম্পে ঘুরে তিনি ট্যাংক ভর্তি করছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, ‘রাজশাহী বিভাগের ৮ জেলায় ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে তিন দিন ধরে এসব স্টেশনে পেট্রল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। তাই চাহিদামতো তেল বিক্রিও করা যাচ্ছে না। এরই মধ্যে বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। যে পরিমাণ তেল আছে, সবাইকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি।’

তেল সংকটের আশঙ্কায় যশোরে হঠাৎ পাম্পগুলোতে ভিড় করছেন বাইকাররা। অধিকাংশ বাইকারই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল দাবি করছেন। হাতে গোনা কয়েকটি পাম্পে অকটেন মিললেও পাওয়া যাচ্ছে না পেট্রল।

পাম্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাম্পগুলোতে আগামী রোববার পর্যন্ত তেলের মজুত থাকলেও বাইকারদের অতিরিক্ত দাবির পরিপ্রেক্ষিতে তার আগেই শেষ হবে।

টাঙ্গাইলের সখীপুরে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। গতকাল সকাল থেকে এমন চিত্র দেখা গেছে। তবে পাম্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দু-তিন দিন ধরে ক্রেতাদের উপস্থিতি প্রায় তিন গুণ বেড়েছে।

সখীপুর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গুজব বা দাম বাড়ার আশঙ্কা থেকে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন। ফলে পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে। কেউ কেউ ডিজেলের জন্য বড় ড্রাম নিয়ে পাম্পে ভিড় করছেন। তবে আমরা ড্রামে তেল দেওয়া বন্ধ রেখেছি।’

গাইবান্ধায় হঠাৎ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের; বিশেষ করে মোটরসাইকেলচালকেরা হয়রানির শিকার হচ্ছেন। জেলার কিছু ফিলিং স্টেশনে তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেখানে তেল বিক্রি হচ্ছে সীমিত পরিমাণে।

গাজীপুরের কালীগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার কোনো পাম্পেই ডিজেল কিংবা অকটেন মিলছে না।

গতকাল বিকেলে যশোরের আর এন রোডে মণিহার প্রেক্ষাগৃহের বিপরীতে যাত্রীক পেট্রোলিয়াম সার্ভিসের সামনে বাইকারের ঢল নামে। ওই পাম্পের ম্যানেজার আতিকুর রহমান বলেন, সকাল থেকে ব্যাপক ভিড়। যতক্ষণ পর্যন্ত তেল থাকবে, বিক্রি করা হবে।

সীমান্তে টহল বৃদ্ধি: এদিকে, জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরিমানা: ময়মনসিংহের ভালুকায় পেট্রল বিক্রি বন্ধ রাখার দায়ে পলাশ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্যাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এ জরিমানা করেন।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং যশোর, হবিগঞ্জ, গাইবান্ধা, সখীপুর (টাঙ্গাইল), ভালুকা (ময়মনসিংহ) ও কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান যুদ্ধে পালানটিরের ‘মেভেন’ যেন ১২ ঘণ্টায় ৯০০ আজরাইল

নেপালের নির্বাচন: এগিয়ে বালেন শাহর দল, পাত্তা পাচ্ছেন না ওলি

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

৪০ বছর ধরে যে যুদ্ধের পরিকল্পনা করেছে ইসরায়েল, ঘোল খাইয়েছে পশ্চিমাদের

অতিথির রণতরি ডুবল মার্কিন হামলায়, প্রশ্নের মুখে ‘মহাসাগরের রক্ষক’ মোদি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত