Ajker Patrika

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ মে ২০২৬, ১৫: ২১
১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার। সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধা ঘণ্টায়, অর্থাৎ সকাল সাড়ে ৮টা পর্যন্ত টিকিট কাটতে প্রায় ৬০ লাখ হিট পড়ে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ বিক্রি করা হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট। এবার ঈদ উপলক্ষে পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৪৩টি ট্রেনের আসন রয়েছে ৩১ হাজার ২৪০টি। এর মধ্যে পূর্বাঞ্চলে ১৫ হাজার ৯৭৪ এবং পশ্চিমাঞ্চলে ১৫ হাজার ২৬৬টি আসন রয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৫৩৫টি টিকিট বিক্রি হয়। পরে সকাল সাড়ে ১০টা নাগাদ বিক্রি হওয়া টিকিটের সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ১৪৮। ফলে পশ্চিমাঞ্চলের বেশির ভাগ টিকিট সকালেই শেষ হয়ে যায়।

এদিকে আজ বেলা ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।

এদিকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট শুধু রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে। কারণ, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত