Ajker Patrika

অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২১: ৫৯
অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অফিসে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের অধীন দপ্তর-সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আজ রোববার এই নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে।

সেখানে বলা হয়েছে, ইতিপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে।

ফলে মন্ত্রিপরিষদ বিভাগের এর আগে পাঠানো দুটি চিঠি অনুসরণ করে ১১টি নির্দেশনা প্রতিপালন করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করা হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান; দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ও জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার; অফিস চলাকালীন প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে বলা হয়েছে।

এ ছাড়া অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা; অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশ রুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা; অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করা; সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার; জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া; অফিস কক্ষ, করিডর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ছাড়াও এসব নির্দেশনা প্রতিপালন বা তদারকির জন্য সব দপ্তর, সংস্থা ও কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত