
দুধ বর্তমানে বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘দুধ বর্তমানে শুধু একটি পণ্য নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। এ জন্য আমাদের মায়েরা বলে থাকেন—আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘একটি পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি, প্রতিবছর ১ লাখ ১৮ হাজার টন গুঁড়া দুধ আমদানি করা হয় এবং এই আমদানি ব্যয় মেটাতে গিয়ে আমাদের প্রতিবছর ৪ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়। আগামী দিনে যাতে এই ধরনের দুধ আমদানি করতে না হয় এবং বাংলাদেশে উন্নত মানের দুধ উৎপাদন করা যায়; সে বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে। এতে একদিকে যেমন বিদেশি আমদানি কমবে, তেমনিভাবে আমাদের দেশের খামারিরা উপকৃত হবে।’
উপদেষ্টা প্রশ্ন রেখে বলেন, সরকার কৃষি খাতে যদি ভর্তুকি দিতে পারে, খামারিদের ক্ষেত্রে কেন পারবে না।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ মহিষের দুধের ব্যাপক উৎপাদন করে থাকে। মহিষের দুধের প্রতি কিন্তু মানুষের একটা চাহিদা রয়েছে। এ ছাড়া ছাগলের দুধে ঔষধি গুণ রয়েছে। তাই আগামী দিনে দুধ উৎপাদনে বাংলাদেশ স্বনির্ভরতা অর্জন করবে, এমন উদ্যোগ সরকার নেবে।’
এর আগে সকালে উপদেষ্টা রাজধানী উচ্চবিদ্যালয়ে প্রাথমিক শাখার ছাত্র-ছাত্রীদের স্কুল মিল্ক ফিডিংয়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে একটি র্যালিতে অংশ নেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন।
‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’—এবারের বিশ্ব দুগ্ধ দিবসের এ প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. বয়জার রহমান। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদা ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রায়হান হাবিব ও প্রফেসর ড. আরিফুল ইসলাম।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে