মানসিক স্বাস্থ্য

ব্যস্ত জীবনে মানসিক অশান্তিতে ভুগলে অনেক সময় শান্তি খুঁজতে আমরা বাইরের জগতের দিকে তাকাই। অথচ আমাদের পরিচিত চারদেয়ালের মাঝেই রয়েছে মন ভালো করে দেওয়ার চমৎকার সব উপায়। মনোবিজ্ঞানীদের মতে, ঘর গোছানো বা পরিষ্কার করার বিষয়টি শুধু ঘরের শোভাই বাড়ায় না, এটি একধরনের মেডিটেশন বা ধ্যানের মতো কাজ করে। চারপাশের পরিবেশ সুশৃঙ্খল করে তুললে আমাদের অবচেতন মনও একধরনের শৃঙ্খলার স্বাদ পায়। ঘরের পরিবেশ সুশৃঙ্খল করে তুলতে কিছু সাধারণ কাজ করুন। এসব কাজ দৈনন্দিন মানসিক চাপ কমিয়ে মন ও মেজাজ ফুরফুরে রাখতে সাহায্য করবে।
অগোছালো আলমারি বা ড্রয়ার গোছানো
আলমারি বা প্রতিদিন ব্যবহারের ড্রয়ারটি এলোমেলো থাকলে তা মনের ওপর একধরনের চাপ ও অস্থিরতা তৈরি করে। পোশাকের আলমারি বা জরুরি কাগজের স্তূপকে সাজিয়ে তুললে আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন একধরনের প্রশান্তির অনুভূতি দেয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেন্স অব কন্ট্রোল। জীবনের অনেক বড় জটিলতা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু নিজের চারপাশ পরিপাটি রাখলে নিজের ভেতর আত্মবিশ্বাস তৈরি হয়। চাইলে সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জীবন গুছিয়ে নেওয়া সম্ভব। প্রতিদিন অন্তত ১৫ মিনিট সময় দিয়ে একটি নির্দিষ্ট জায়গা গোছালে সারা দিনের ক্লান্তি অনেকখানি কমে যায়।
পরিচ্ছন্নতার ইতিবাচক প্রভাব
আসবাবের ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করলে মন ভালো হয়। জানালার কাচ বা আয়না ঝকঝকে হয়ে উঠলে ঘরের ভেতর আলোর প্রতিফলন বেড়ে যায়। আর পর্যাপ্ত আলো ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সহজে বিষণ্নতা কমিয়ে দেয়। কুসুম গরম পানি আর সাবানের ফেনা দিয়ে থালাবাসন পরিষ্কার করার বিষয়টি অনেকের কাছে বিরক্তির মনে হলেও এটি চমৎকার মাইন্ডফুল কাজ। পানির মৃদু শব্দ ও কোনো কিছুকে নিজের হাতে পরিষ্কার করার বিষয়টি মনোযোগ এক জায়গায় স্থির রেখে বর্তমান মুহূর্তে থাকতে শেখায়। এ ছাড়া সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফেলার অভ্যাস সারা দিনের কর্মস্পৃহা নির্ধারণ করে দেয়। পরিপাটি বিছানা দিন শেষে আপনাকে প্রশান্তিতে ঘুমানোর কাজ সহজ করে দেয়। এই ঘুম পরদিন কাজের জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে তুলবে।
ঘরের কোণে প্রকৃতির সান্নিধ্য
ঘরের কোণে একটি গাছ রাখা শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, বরং ঘরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে মন ভালো রাখতে সাহায্য করে। গাছের মরা পাতা ফেলে দেওয়া, সময়মতো পানি দেওয়া বা টবের মাটি আলগা করে দেওয়ার মতো কাজগুলো প্রকৃতির সঙ্গে আমাদের গভীর সংযোগ তৈরি করে। যাঁরা প্রতিদিন গাছের যত্ন নেন, তাঁদের রক্তচাপ স্বাভাবিক থাকার এবং মানসিক অস্থিরতা দূর হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।
রান্নাঘরে সৃজনশীলতা
রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, এটি সৃজনশীল থেরাপিও বটে। নতুন কোনো খাবার রান্না করা বা নিজ হাতে টেবিল সাজানো অন্য রকম আত্মতৃপ্তি দেয়। এই ছোট ছোট কাজ নিজের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। তাই মন খারাপের দিনে বাইরে না গিয়ে বরং পছন্দের কিছু রান্না করে দেখুন, মন মুহূর্তেই ফুরফুরে হয়ে উঠবে।
অপ্রয়োজনীয় জিনিস বিদায়
পুরোনো খবরের কাগজ, ভাঙা মগ বা অব্যবহৃত পোশাক—এমন কাজে না লাগা জিনিসগুলো সরিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় জিনিসের ভিড় কমলে ঘরে বাতাসের চলাচল বাড়ে এবং দৃশ্যত কোলাহল কমে আসে। যখন আপনি ঘরের বাড়তি জিনিসগুলো বিদায় করেন, তখন আপনার অবচেতন মনও যেন অনেক পুরোনো স্মৃতি বা ক্ষোভ ঝেড়ে ফেলে হালকা হতে শুরু করে। ঘর গোছানো শেষে সুগন্ধি মোম বা ধূপ জ্বালালে এগুলোর সুগন্ধ স্নায়ুকে শান্ত করে একটি রিফ্রেশিং অনুভূতি দেয়।
সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৯ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১০ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৩ ঘণ্টা আগে