
পাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র আমির মাহমুদ জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম আবদুর সাত্তার (৪৭)। তিনি করাচির স্থানীয় একটি গাড়ির ওয়ার্কশপের মালিক ছিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রাজার বরাত দিয়ে জানিয়েছে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) দলের প্রায় ৪০০ কর্মী করাচির একটি মোবাইল মার্কেটের কাছে জড়ো হয়। নিহত ব্যক্তি সেই মার্কেটের ১০০-১৫০ মিটার দূর দিয়ে যাচ্ছিলেন। এ সময় টিএলপির কর্মীরা তাঁকে চিনে ফেলে এবং পিটিয়ে হত্যা করে।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ সফদার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই ব্যক্তি আহমদিয়া সম্প্রদায়ের, এটা জানার পরই তাঁর ওপর লাঠি ও ইট দিয়ে হামলা চালানো হয়। পরে পুলিশ এসে উগ্রপন্থীদের ছত্রভঙ্গ করে এবং ভেতরে আটকে পড়া আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি।
কারা এই আহমদিয়া সম্প্রদায়
আহমদিয়ারা নিজেদের ‘মুসলিম সংস্কারপন্থী’ দাবি করলেও পাকিস্তান সরকার তাদের ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মদ্রোহী হিসেবে বিবেচনা করে। দেশটিতে তাদের ‘মুসলিম’ পরিচয় ব্যবহার করা এবং ইসলামি প্রতীক ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা রয়েছে।
এ সম্প্রদায়ের উৎপত্তি ১৮০০ সালের শেষ ভাগে। বর্তমানে বিশ্বব্যাপী আনুমানিক ১ কোটি ২০ লাখ আহমদিয়া বসবাস করে। পাকিস্তানে রয়েছে কয়েক লাখ এবং জার্মানিতে প্রায় ৪০ হাজার।
দীর্ঘদিন ধরে পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায় নিপীড়নের শিকার। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ হামলা আরও বেড়েছে।
কেন এই হামলা
শুক্রবারের হামলার সঙ্গে জড়িতরা বলেছেন, আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের গ্রেপ্তার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা ছিল তাঁদের লক্ষ্য।
টিএলপির নেতা আব্দুল কাদির আশরাফি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এ স্থানটি সিল করে দেওয়ার অনুরোধ করেছিলাম। এ ছাড়া যারা শুক্রবারের নামাজ পরিচালনা করে, আমরা তাদেরও গ্রেপ্তারের দাবি জানাই। তাই এখানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।’
পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) ঘটনাটিকে ‘আইনের শাসনের চরম ব্যর্থতা’ বলে অভিহিত করেছে। এইচআরসিপি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে যেভাবে হামলা চালানো হলো, তা অত্যন্ত উদ্বেগজনক। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কট্টরপন্থীদের চাপের কাছে মাথানত করা যাবে না।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
৩১ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩৪ মিনিট আগে