Ajker Patrika

ইরানি ড্রোন ঠেকাতে সহায়তার বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যা চাইল ইউক্রেন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৬: ০২
ইরানি ড্রোন ঠেকাতে সহায়তার বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যা চাইল ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের কামিকাজে বা অ্যাটাক ড্রোন প্রতিরোধে সহায়তা করার বিনিময়ে ইউক্রেন অর্থ ও প্রযুক্তি চায়। কিয়েভ ইতিমধ্যে ওই অঞ্চলের চারটি দেশে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপে জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্যে পাঠানো তিনটি দলে কয়েক ডজন সদস্য রয়েছে। তাঁরা বিশেষজ্ঞ পর্যায়ে মূল্যায়ন করবে এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করা উচিত, তা প্রদর্শন করবে।

ইরানের ড্রোন হামলা মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে এবং এগুলো ভূপাতিত করার বিষয়ে ইউক্রেনের অভিজ্ঞতা চেয়েছে। কিয়েভ প্রতিরাতে রাশিয়ার ড্রোন ভূপাতিত করে থাকে। এ কাজে তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে, যার মধ্যে রয়েছে তুলনামূলক সস্তা ছোট ড্রোন এবং জ্যামিং সরঞ্জাম।

জেলেনস্কি বলেন, বিশ্বের প্রায় এক ডজন দেশ এ ধরনের হামলা মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে। তিনি চলতি সপ্তাহের শুরুতে জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে দল পাঠানো হয়েছে। আরেক কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞরা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও গিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘এটি কোনো সামরিক অভিযানে জড়িয়ে পড়ার বিষয় নয়। আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই। এটি সুরক্ষা নিয়ে এবং ‘শাহেদ’ মোকাবিলায় কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ মূল্যায়নের বিষয়।’ তিনি ইরানে নির্মিত শাহেদ ড্রোনের কথা উল্লেখ করেন।

সহায়তার বিনিময়ে ইউক্রেন কী পাবে, তা এখনো আলোচনার বিষয় বলে জানান তিনি। জেলেনস্কি বলেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য বর্তমানে প্রযুক্তি এবং অর্থায়ন উভয়ই গুরুত্বপূর্ণ।’ জেলেনস্কি আরও বলেন, ড্রোন সহযোগিতা নিয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কিয়েভ কয়েক মাস ধরে এ ধরনের একটি চুক্তি করার চেষ্টা করছে।

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া—জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। গত শনিবার এই সাক্ষাৎকারের একাংশ প্রচার করা হয়। ফরিদ জাকারিয়াকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এটি ‘শতভাগ সত্য’ যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে।

অঞ্চলটির অন্যান্য দেশেও শাহেদ ড্রোনের মাধ্যমে হামলার যোগসূত্র পাওয়া গেছে, যদিও সব ক্ষেত্রে এর নির্মাতাদের পরিচয় পরিষ্কার নয়। ইরানই প্রথম এই শাহেদ ড্রোন তৈরি করেছিল, যা ব্যয়বহুল মিসাইলের তুলনায় অনেক সস্তা। ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ দিক থেকে রাশিয়ার সামরিক বাহিনী কয়েক হাজার ড্রোন ছুড়েছে এবং সেখানেই প্রথম এর ব্যাপক ব্যবহার দেখা যায়।

শুরুতে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ তৈরি করছে। অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীও এখন শাহেদ ঘরানার ড্রোন ব্যবহার শুরু করেছে। এমনকি মার্কিন সামরিক বাহিনীও জানিয়েছে যে, ইরানের বিরুদ্ধে বর্তমান অভিযানে তারা এই ড্রোন ব্যবহার করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের পরমাণু স্থাপনা এখন ধ্বংসস্তূপ, নিরাপদ নৌ চলাচলে আলোচনার পথ খোলা: আরাঘচি

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

প্রাকৃতিক দুর্গ ইরান কেন দুর্জেয়, স্থল অভিযানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্র

৫ জেলায় নতুন ডিসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত