
ক্লাস সেভেনে পড়ার সময় পানি নিয়ে এক প্রজেক্টে অংশ নিয়েছিলেন স্কটল্যান্ডের এলেইনা বেরেসফোর্ড। কাগজে একটি চিঠি লিখে কাচের বোতলে ভরে ভাসাতে হবে সাগরে—এমনই ছিল সেই প্রজেক্ট।
ক্লাসের অন্য সবার মতো এলেইনাও ছোট্ট একটি চিঠি লিখে তা বোতলে ঢুকিয়ে শিক্ষিকার হাতে দেন। শিক্ষিকার স্বামী তাঁদের সবার বোতলবন্দী চিঠি সাগরে ভাসিয়ে দেন।
১২ বছর বয়সে সেই চিঠি পাঠানোর পর স্কুলের গণ্ডি পেরিয়ে জীবনের আরও বড় ক্ষেত্রে প্রবেশ করেন এলেইনা। হয়ে পড়েন আরও ব্যস্ত।
তবে এর মধ্যে কখনোই তিনি তাঁর বোতলবন্দী চিঠির জবাব পাননি। চিঠির উত্তরের আশা অনেক আগেই ছেড়ে দেন।

সম্প্রতি এলেইনার নামে একটি পোস্টকার্ড আসে নরওয়ে থেকে। পড়ে দেখেন, সেটি আসলে সেই ১৯৯৪ সালে লেখা চিঠির জবাব!
এত বছর ধরে বোতলটি সাগরে ভেসে ছিল, আর তাতে থাকা চিঠি পানিতে ভেজেনি, উল্টো তা সহজে পড়া যাচ্ছে—এ যেন বিশ্বাস করতে পারছেন না ৪২ বছর বয়সী এই স্কটিশ। তাঁর হাতে শুধু চিঠির জবাবই আসেনি, এসেছে তাঁর সেই বোতলবন্দী চিঠির একটি ছবিও।
এলেইনা বিবিসিকে বলেন, তিন দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তাঁর লেখা চিঠি এতটা অক্ষত দেখে তিনি অবাক হয়েছেন। বিশ্বাসই হচ্ছে না, এটি আসলে তাঁর সেই পুরোনো চিঠি।
স্কুলপড়ুয়া এলেইনা চিঠিতে লিখেছিলেন, ‘প্রিয় প্রাপক, আমার নাম এলেইনা স্টিফেন। আমার বয়স ১২ বছর। আমি পোর্টনকিতে থাকি। আমি পানির ওপর একটি প্রকল্প করছি। এ জন্য বোতলে করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।
‘আমার শিক্ষিকার স্বামী আমাদের চিঠিগুলো সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছেন। যখন তুমি চিঠিটি পাবে, দয়া করে আমাকে চিঠি লিখো। তোমার নাম, শখ এবং এই চিঠি কোথায় ও কবে পেলে আর সম্ভব হলে তোমার এলাকা সম্পর্কে কিছু লিখো। ইতি, এলেইনা স্টিফেন। পুনশ্চ: আমি স্কটল্যান্ড থেকে লিখছি।’

এলেইনা ৩১ বছর আগে লেখা সেই চিঠির জবাব পেয়েছেন পিয়া ব্রোডম্যান নামের এক জার্মানের কাছ থেকে। তিনি লিখেছেন, ‘আমার নাম পিয়া। আমি জার্মানিতে থাকি। আজ আমি নরওয়ের ভেগা অঞ্চলের ছোট্ট দ্বীপ লিসশেলেয়ায় তোমার বোতলবন্দী চিঠিটি খুঁজে পেয়েছি।
‘আমি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে চার মাসের জন্য সৈকত পরিষ্কারের কাজে এসেছি। আজ আমরা দ্বীপটি পরিষ্কার করেছি। পোস্টকার্ডের সামনের দিকে তুমি দেখতে পাবে আমাদের কাজের নৌকা নেমো এবং পালতোলা নৌকা ফন। এখানেই আমরা এখন থাকছি। আমি তোমার শিক্ষিকার স্বামী কবে এবং কোথায় এই বোতলটা সমুদ্রে ফেলেছিলেন, তা জানতে আগ্রহী।
‘পুনশ্চ: আমার বয়স ২৭। আমি পাহাড়ে চড়তে ও পালতোলা নৌকায় ঘুরে বেড়াতে খুব ভালোবাসি!’ যোগ করেন পিয়া।

এলেইনা বিবিসিকে বলেন, ‘আমি এখন আগের ঠিকানাতেই আছি। আগে স্কটল্যান্ডের বাকিতে থাকতাম। পোর্টনকির অন্য জায়গায়ও থেকেছি। পরে আমি মা-বাবার সঙ্গে শৈশবের বাড়িতে ফিরে আসি।’
চিঠিটি হাতে পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পিয়াকে খুঁজে বের করেন এলেইনা। তিনি তাঁকে তাঁর সেই বোতলবন্দী চিঠির ছবি পাঠানোর অনুরোধ করেন। পিয়া তাঁকে ছবি পাঠান।
ছবি দেখে এলেইনা বলেন, ‘পিয়ার পাঠানো ছবি দেখে আমি তো বিস্ময়ে হতবাক। চিঠিটা স্পষ্ট পড়া যাচ্ছে। এ আমি বিশ্বাসই করতে পারছি না। আমার মনে ছিল না, চিঠিটায় ঠিক কী লিখেছিলাম। এটুকু মনে আছে, সেটি মোরে কাপ বোতলে রাখা ছিল। আমার শিক্ষিকার স্বামী সে সময় জেলের কাজ করতেন। তিনিই সেটি সমুদ্রে ফেলেছিলেন।’
এলেইনা বলেন, ‘পিয়া আর আমি এখন নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি, ভবিষ্যতেও আমাদের মধ্যে যোগাযোগ থাকবে।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে