
‘রাজধানীতে কাচ্চি বিরিয়ানির নামে খাওয়ানো হচ্ছে ‘কুত্তা বিরিয়ানি’। কাচ্চি বিরিয়ানি লাভারদের আমন্ত্রণ’— এই শিরোনামে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বস্তাবন্দী অনেকগুলো কুকুর উদ্ধার করা হয়েছে, একইসঙ্গে কুকুর পাচারকারীদেরও আটক করা হয়েছে। ভিডিওটিতে একজন সিলেটের আঞ্চলিক ভাষার কাছাকাছি উচ্চারণে কথা বলছেন।
গত বুধবার (২৬ মে) ‘Shakh Faysal’ নামের একটি পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এটি আজ বুধবার (৫ জুন) বিকেল ৪টা পর্যন্ত ৫৮ লাখ দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৫২ হাজারের বেশি। ‘a to z ইলেকট্রনিক্স & রিফ্রিজারেশন’ নামের ১ লাখ ৭৬ হাজার সদস্যের একটি গ্রুপ থেকেও ভিডিওটি ভাইরাল হয়। এই গ্রুপের পোস্টের কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভিডিওটি বাংলাদেশের সিলেটের দাবি করে মন্তব্য করছেন।
২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এতে দেখা যায়, এক ব্যক্তি বলছেন, আশ্রয় নামের একটি সংগঠন গোপন সংবাদের ভিত্তিতে পাচারের সময় ছোট–বড় ১৪টি কুকুর উদ্ধার করেছে। ভিডিতে ওই ব্যক্তিকে করিমগঞ্জ নামে একটি স্থানের নাম বলতে শোনা যায়। ভিডিওটির ২ মিনিট ১৩ সেকেন্ড সময়কালে পাচারকাজে ব্যবহৃত একটি গাড়িও দেখানো হয়, যার নম্বর ‘AS 10E 2913 ’।
এই সূত্রে কি–ওয়ার্ড অনুসন্ধানে আসামভিত্তিক সংবাদমাধ্যম কেআরসি টাইমসে গত ২৩ মে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। সেটি থেকে জানা যায়, ভারতের আসামের শিলচরের কাছাড় পুলিশ পাচারের সময় ১৪টি কুকুর উদ্ধার করেছে। আশ্রয় অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব করিমগঞ্জ ও শিলচরের স্পর্শ অর্গানাইজেশনের সহায়তায় কুকুরগুলোকে উদ্ধার করা হয়। কুকুরগুলোকে মাংস হিসেবে বিক্রি করার জন্য আসামের আলগাপুর থেকে থেকে মিজোরামে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় তিনজনকে আটকও করেছে পুলিশ।
অনুসন্ধানে দেখা যায়, আটককৃত ব্যক্তিদের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা কুকুর পাচারকারীদের চেহারার মিল রয়েছে।
পরে আরও খুঁজে ‘আশ্রয়–করিমগঞ্জ (Ashroy–Karimganj)’ নামের একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। পেজের পরিচয় থেকে জানা যায়, ‘আশ্রয়–করিমগঞ্জ’ আসাম থেকে পরিচালিত প্রাণী সুরক্ষায় কাজ করা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটির পেজে গত ২২ মে ভিডিওটি লাইভ হিসেবে প্রচার করা হয়। প্রায় সাড়ে ১০ মিনিটের লাইভ ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আরও একটি কুকুর পাচারের ঘটনা... ১৪টি কুকুর উদ্ধার।’
এই লাইভ ভিডিওটিরই ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ক্লিপ গত ২৪ মে পুনরায় পেজটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, গত ২২ মে পাচারের সময় টিম আশ্রয় ১৪টি কুকুর উদ্ধার করেছে। কুকুরগুলোর বর্তমানে ভালো আছে এবং এদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে। এই কাজে সহযোগিতা করেছে ‘স্পর্শ–টাচ দ্য অ্যানিমেলস’ নামের আরেকটি প্রতিষ্ঠান।
এসব তথ্য-উপাত্ত থেকে এটি স্পষ্ট, বস্তাবন্দী করে কুকুর পাচারের ঘটনাটি বাংলাদেশের নয়, এটি ভারতের আসামের ঘটনা এবং কুকুরগুলোকেও ভারতেরই আরেকটি রাজ্য মিজোরামে পাচার করা হচ্ছিল।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৬ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১৯ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে