পরিশ্রম করলে মানুষের শরীর থেকে ঘাম বের হয়। ঘামের মধ্যে পানি ও লবণ থাকে তা সাধারণভাবে সবাই জানে। কিন্তু ঘাম মানুষের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়—এমন একটি কথাও বহুদিন ধরে লোকমুখে প্রচার হয়ে আসছে। কিন্তু সত্যিই কি তাই? এই বিষয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলে তা জানার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এ বিষয়ে সার্চ করে ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসের (ইউএমএস) ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। তাতে চিকিৎসক চার্লস স্মিথের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন, ঘামের ৯৯ শতাংশ হচ্ছে পানি। এর সঙ্গে অল্প পরিমাণে লবণ, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ইউরিয়া থাকে।
ডা. স্মিথ বলেন, ঘামের মাধ্যমে কারও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় না। পারদ, অ্যালকোহল ও বেশির ভাগ ওষুধের মতো পদার্থগুলো মানুষের লিভার, অন্ত্র বা কিডনির মাধ্যমে নির্গত হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওশনার হেলথের ওয়েবসাইট থেকে জানা যায়, ঘাম মূলত মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এটি অতিরিক্ত গরমে মানুষের শরীরকে ঠান্ডা রাখে। কেউ চাপ অনুভব করলে শরীরে অ্যাড্রেনালিন তৈরির প্রতিক্রিয়া হিসেবেও কখনো কখনো ঘাম হয়। ঘামের ৯৯ শতাংশ পানি এবং ঘামের মধ্যে খুব অল্প পরিমাণে ভারী ধাতু এবং দূষণকারী পদার্থ পাওয়া যায়। তবে ঘামের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হওয়ার কোনো প্রমাণ নেই।
ঘামের মাধ্যমে মানুষের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় কি না, এই বিষয়ে ইন্টারন্যাশনাল হাইপারহাইড্রোসিস সোসাইটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। তা থেকে জানা যায়, ঘামের মাধ্যমে মানুষের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় না। মানুষের শরীর থেকে ঘাম বের হয় সাধারণত নিজেদের শরীরকে ঠান্ডা করার জন্য, বিষাক্ত পদার্থ বের করার জন্য নয়। ঘামের মধ্যে ৯৯ শতাংশ পানি থাকে। এর সঙ্গে খুব অল্প পরিমাণ লবণ, শর্করা, আমিষ এবং কিছু ইউরিয়া মিশ্রিত থাকে। রক্ত পরিশোধন, ওষুধের বিপাক প্রক্রিয়া এবং বিষাক্ত পদার্থকে বর্জ্য পদার্থে রূপান্তরের মাধ্যমে মানুষের শরীর থেকে প্রকৃত বিষাক্ত পদার্থ অপসারণ করে লিভার ও কিডনি।
ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মানুষের শরীর থেকে ঘাম বের হয় মূলত শরীরকে ঠান্ডা রাখার জন্য, বর্জ্য বা বিষাক্ত পদার্থ বের করার জন্য নয়। মানুষের শরীর থেকে বর্জ্য বা বিষাক্ত পদার্থ বের করার কাজ করে কিডনি ও লিভার। এ ছাড়া অন্য কোনোভাবে মানুষের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় না, ঘামের মাধ্যমেও না।
সুতরাং, ঘাম মানুষের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়—চিকিৎসাবিজ্ঞানে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। ঘামের মধ্যে ৯৯ শতাংশ পানি এবং এর সঙ্গে লবণ, শর্করা, আমিষ ও কিছু ইউরিয়ার মিশ্রণ থাকে। তাই ঘামের সঙ্গে শরীরের বিষাক্ত পদার্থ বের হওয়ার ধারণাটি সম্পূর্ণ ভুল।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৯ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১ দিন আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে