Ajker Patrika

ছাত্রলীগের মিছিল নিয়ে তথ্যমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্রলীগের মিছিল নিয়ে তথ্যমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপনের নামে প্রচারিত ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই।’

এই দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে, এখানেএবং এখানে

‘Supporters of Bangladesh Awami League’ নামের গ্রুপে গত ৮ জুন রাত ৯টা ১১ মিনিটে আলোচিত দাবিতে একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যা সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। ফটোকার্ডটিতে ১৪ জুন দুপুর ৩টা পর্যন্ত ৮৬০ রিয়্যাকশন, ২৪৮ কমেন্ট ও ১৭ শেয়ার রয়েছে।

পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশারভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য ভেবে কমেন্ট করেছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রথমেই জহির উদ্দীন স্বপনের সাম্প্রতিক সময়ের বক্তব্য এবং গণমাধ্যমগুলোতে অনুসন্ধান চালানো হয়। তবে কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্য সূত্রে আওয়ামী লীগ বা ছাত্রলীগের অস্তিত্ব নিয়ে তথ্যমন্ত্রীর এমন কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটিতে কোনো সুনির্দিষ্ট তথ্যেরও উল্লেখ নেই। পরবর্তীতে এই দাবির উৎস খুঁজতে গিয়ে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ জুন প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

ওই পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি মূলত একটি ‘সার্কাজম’ বা স্যাটায়ার পেজ। পেজটির প্রোফাইল এবং পূর্ববর্তী পোস্টগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা নিয়মিতভাবে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গাত্মক ও কাল্পনিক ফটোকার্ড তৈরি করে থাকে। মূলত এই পেজের একটি ব্যঙ্গাত্মক ফটোকার্ডটি অনেকে সত্য মনে করে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

‘Bengali Steam’-এর পোস্ট। ছবি: স্ক্রিনশট
‘Bengali Steam’-এর পোস্ট। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া, জহির উদ্দীন স্বপনের ব্যক্তিগত ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো সত্যতা মেলেনি। পাশাপাশি কোনো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য গণমাধ্যমে না আসাও অস্বাভাবিক।

অর্থাৎ, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য খবর মনে করে অনেক ব্যবহারকারী বিভ্রান্তিকরভাবে প্রচার করছেন।

সিদ্ধান্ত

আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপনের নামে প্রচারিত দাবিটি বানোয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত