
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহের বিপক্ষে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। জয়ের পর সংসদীয় বৈঠকে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে দিল্লি যান এই অভিনেত্রী। দিল্লির ফ্লাইট ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে এক নারী কনস্টেবলের চড় খান। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময়ে হঠাৎ তাঁকে চড় দিয়ে বসেন নিরাপত্তারক্ষী কুলবিন্দর কাউর। এ নিয়ে সরগরম ভারতের রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই এক্সসহ (সাবেক টুইটার) সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রনৌতের গালে চড়ের দাগ দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, এক নারীর গালে হাতের পাঁচ আঙুলের ছাপ লাল হয়ে রয়েছে।
ছবিটি পোস্ট করে আজ শুক্রবার (৭ জুন) হাবিবুর রহমান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছন্দ মিলিয়ে লেখা হয়েছে, ‘কঙ্গনার সফেদ গাল। থাপ্পড় মেরে করল লাল।’ গৌরব ব্যানার্জি নামে আরেকটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘পাঁচে পঞ্চবাণ। পাঁচে পঞ্চ নদী। পাঁচে পাণ্ডব। পাঁচে কঙ্গনার গাল, দিল খুশ হো গ্যায়া’।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রনৌতের গাল দাবিতে ভাইরাল ছবিটি মশা তাড়ানোর স্প্রের বিজ্ঞাপনের একজন মডেলের।
বিমানবন্দরে চড়-কাণ্ডের পর দিল্লি পৌঁছে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় ঘটনার বর্ণনা দেন কঙ্গনা রনৌত। ৫১ সেকেন্ডের ভিডিওটিতে কঙ্গনা রনৌতের দুই গাল পর্যবেক্ষণ করে ভাইরাল ছবিটির মতো লাল দাগ দেখা যায়নি।
পরে ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘অ্যাডস অব দ্য ওয়ার্ল্ড’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ‘স্ল্যাপ টু’ নামের ছবিটির বর্ণনা থেকে জানা যায়, এটি ‘বায়গন’ নামে একটি মশার স্প্রের বিজ্ঞাপনের জন্য তোলা ছবি। ছবিটি প্রকাশিত হয় ২০০৬ সালের ৩০ মে। ছবিতে একজন নারী মডেলকে দেখা যাচ্ছে। এই ছবি জুম করলে নারী মডেলটির গালে আঙুলের ছাপ দেখা যায়। সেই ছবিই কঙ্গনা রনৌতের গালের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
‘কুল মার্কেটিং থটস’ নামের আরেকটি ওয়েবসাইটেও এই ছবি পাওয়া যায়। বিজ্ঞাপন বিশ্লেষণমূলক নিবন্ধ প্রকাশ করে এই ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে হাতের পাঁচ আঙুলের ছাপসহ আরও দুজন পুরুষ মডেলের ছবিও রয়েছে। ছবিগুলোর বর্ণনায় এই সাইটে বলা হয়েছে, এটি বায়গনের মশা নিধনকারী স্প্রের একটি বিজ্ঞাপন। এই তিন ব্যক্তির গালেই চড়ের ছাপ দেখা যাচ্ছে। হয় তাঁরা নিজেরাই নিজেদের চড় মেরেছেন অথবা অন্য কেউ তাঁদের চড় মেরেছে। এটি শুনতে খুবই হাস্যকর হলেও (মশার উপদ্রবে) এমনটি কিন্তু ঘটে! সাইটটিতে নারী মডেলের ছবিটিসহ বাকি ছবিগুলো ২০০৬ সালের ৩১ মে প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, কঙ্গনা রনৌতকে চড়ের ঘটনায় নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কাউরকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ৃন:

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১০ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১৩ ঘণ্টা আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৩ দিন আগে