
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দিনভর সারা দেশে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আরও পাঁচ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা, জলাবদ্ধতা ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আগামী তিন দিনের জন্য খুলনা ও বরিশাল বাদে অন্য ছয়টি বিভাগে ভারী বর্ষণের আভাস রয়েছে। উত্তরাঞ্চলে রংপুর বিভাগে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে আজ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়, অতি ভারী বৃষ্টিতে বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীর পানি। এতে ১২ জেলায় ছড়িয়ে পড়তে পারে বন্যা।
পাউবো জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীসমূহের পানির সমতল বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদসমূহ বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।
এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভোগাই-কংস নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলাসমূহের উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনীর হালদা নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সে সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় সারা দেশের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সে সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে